নিজের বিয়ে ঠেকাল ভোলার স্কুলছাত্রী
নিজের কিশোরী মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কাজি ও ইউনিয়ন পরিষদ সচিবের সহযোগিতায় ভুয়া কাগজপত্র তৈরি করেছিলেন মা-বাবা। তারপর ভোলার একটি মসজিদের ইমামের সঙ্গে মেয়ের অনুপস্থিতিতেই বিয়ে পড়ান। এটি মাসখানেক আগের ঘটনা। গত সোমবার রাতে মা-বাবা মেয়েকে জানান, তার স্বামী কাল তাকে নিতে আসবে। এ কথা শুনে পরের দিন স্কুলে গিয়ে শিক্ষকদের ঘটনাটি জানায় সপ্তম শ্রেণির এই ছাত্রী। অবশেষে শিক্ষকদের সহযোগিতায় এবং জেলা প্রশাসকের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পায় ফারজানা আক্তার নামের এই কিশোরী।
ফারজানা প্রথম আলোকে বলে, তার বাবা মো. সিরাজ পঞ্চায়েত, মা জান্নাতুল ফেরদৌস ও স্থানীয় কাজি গোপনে তার বিয়ে দেন। কবে বিয়ে হয়েছে সে জানে না। সে কবুল বলেনি, কাবিনে সই করেনি। হঠাৎ সোমবার তার বাবা এসে বলেন, তার বিয়ে হয়ে গেছে এক মসজিদের ইমামের সঙ্গে। পরদিন সকালে সে ঘটনাটি শিক্ষকদের জানায়। শিক্ষকেরা তাকে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করতে বলেন।
আবেদনপত্রে ফারজানা লিখে, সে পড়তে ইচ্ছুক। সে এখনই বিয়ে করতে রাজি নয়, তবুও তার মা-বাবা অবৈধভাবে বিয়ে দিচ্ছেন, সে এ বিয়ে মানে না। তা ছাড়া তার বিয়ের বয়স হয়নি। ফারজানা জেলা প্রশাসকের কাছে এই বিয়ে ঠেকিয়ে দিয়ে তার পড়ালেখার ব্যবস্থা করার আকুতি জানায়।
ভোলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন জাহান শ্যামলী বলেন, ফারজানা তাঁদের এসব ঘটনা জানালে তিনি ও প্রধান শিক্ষক তাকে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলেন। জেলা প্রশাসক দরখাস্ত পেয়ে ফারজানার বাড়িতে নির্বাহী হাকিম ও পুলিশ পাঠান। হাকিম মেয়ের মা-বাবার কাছ থেকে মুচলেকা নেন। মা-বাবা অঙ্গীকার করেন, ফারজানাকে ১৮ বছরের আগে বিয়ে দেওয়া হবে না।
শিক্ষক আরও বলেন, ফারজানা জেলা প্রশাসককে জানালে তার মা ক্ষুব্ধ হন এবং তাকে আর পড়াবেন না বলে জানিয়ে দেন। গতকাল বুধবার জেলা প্রশাসক ফারজানার মা-বাবাকে ডেকে বুঝিয়ে কিছু আর্থিক সাহায্য দেন এবং ভবিষ্যতে আরও সাহায্যের আশ্বাস দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, কাজি ও ইউনিয়ন পরিষদের সচিব ভুয়া কাগজ তৈরি করে দিয়েছেন। তিনি এ দুজনকে তলব করেছেন।
ফারজানার বাবা মো. সিরাজ রাজমিস্ত্রি। তাঁর চারটি মেয়ে। তিনি বলেন, সংসারে অভাব। তাই গোপনে বিয়ে দিয়েছিলেন। তিনি এখন ভুল বুঝতে পেরেছেন। মেয়ের পড়ালেখা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরেকটি বাল্যবিবাহ ঠেকিয়ে দিল প্রশাসন
গাজীপুরের শ্রীপুরে অষ্টম শ্রেণিপড়ুয়া ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে পৌর এলাকার বেড়াইদের চালা গ্রামে এ ঘটনা ঘটে। আফরোজা আক্তার (১২) নামের এই ছাত্রী স্থানীয় বেড়াইদের চালা উচ্চবিদ্যালয়ে পড়ে। তার বাবার নাম আনোয়ার হোসেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। বাল্যবিবাহের কুফল ও আইন সম্পর্কে পরিবারের লোকজনকে ধারণা দিলে তাঁরা বিয়ে বন্ধ করতে রাজি হন। নিজেদের ভুল বুঝতে পেরে ১৮ বছর পূর্ণ হলেই কেবল আফরোজার বিয়ে দেওয়া হবে বলে জানান পরিবারের লোকজন।