নিজের বিয়ে ঠেকাল স্কুলছাত্রী
জনপ্রতিনিধি, প্রতিবেশী বা শিক্ষক নন, এবার নিজেই নিজের বিয়ে ঠেকিয়েছে এক স্কুলছাত্রী। দুই বান্ধবীকে নিয়ে থানায় হাজির হয়ে সে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তার বিয়ে আয়োজনের কথা জানায়। এরপর ওসি তার মা-বাবাকে থানায় ডেকে এনে বিয়ে বন্ধ করে দেন। বুধবার জয়পুরহাট সদর থানায় এ ঘটনা ঘটে। সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
জয়পুরহাট সদর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, সকালে তিনজন স্কুলছাত্রী থানায় আসে। তারা তিনজন একই বয়সের। থানায় এসে তারা ওসিকে খুঁজতে থাকে। তাদের প্রথমে থানার নারী-শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে বসিয়ে রাখা হয়।
পরে নারী-শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ওসি এ কে এম আলমগীর জাহান গেলে ওই ছাত্রী তাঁকে বলে, সে জয়পুরহাট শহরের একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। অভিভাবকেরা তার বিয়ে ঠিক করেছে। বৃহস্পতিবার বর ও বরপক্ষের লোকজন দেখতে এসে বিয়ে করে তাকে নিয়ে যাবেন। সে বিয়ে করতে চায় না। তখন ছাত্রীর কাছ থেকে অভিভাবকের নাম-ঠিকানা নেন ওসি। পরে তিনি ওই ছাত্রীর অভিভাবকদের থানায় ডেকে আনেন। এ সময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই ছাত্রীর বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন তার মা-বাবা।
ওসি এ কে এম আলমগীর জাহান প্রথম আলোকে বলেন, পুলিশ যে বাল্যবিবাহ বন্ধ করে তা বিট পুলিশের সভায় ওই ছাত্রী জেনেছিল। এ কারণে সে তার নিজের বিয়ে বন্ধ করতে দুই বান্ধবীকে নিয়ে থানায় এসেছিল। বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা ছিল। অভিভাবকেরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেছেন।