ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ
নিজেরাই করছেন সংস্কারকাজ
নিয়মবহির্ভূতভাবে জেলা পরিষদের চেয়ারম্যানসহ তিনজন এই কাজ করছেন বলে অভিযোগ উঠেছে
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়মবহির্ভূতভাবে জেলা পরিষদের চেয়ারম্যানসহ তিনজন যোগসাজশ করে ক্ষতিগ্রস্ত ভবনের সংস্কারকাজ করছেন বলে অভিযোগ উঠেছে। হেফাজতের সহিংসতার সময় ক্ষতিগ্রস্ত জেলা পরিষদ কার্যালয়ের ভবনের এ সংস্কারকাজ চলছে পাঁচ দিন ধরে।
নিয়মানুযায়ী সরকারি কোনো দপ্তরের জন্য ২৫ হাজার টাকার বেশি অর্থের কোনো ক্রয় বা সেবা গ্রহণ করতে হলে দরপত্র আহ্বান করতে হয়। জরুরি প্রয়োজন হলে আরএফকিউ (রিকোয়েস্ট ফর কোটেশন) প্রস্তাবও আহ্বান করা যায়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম নিয়মের তোয়াক্কা না করেই সহকারী প্রকৌশলী আবদুল হামিদের মাধ্যমে সংস্কারকাজটি করাচ্ছেন। প্রকৌশলী হামিদ প্রয়োজনীয় সব সরঞ্জামের জোগান দিচ্ছেন। এমনকি কারিগরদের দৈনিক মজুরির টাকাও তিনিই পরিশোধ করছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জরুরি প্রয়োজনে দরপত্র ছাড়াই কোটেশন দিয়ে সংস্কারকাজ করা যায়। কিন্তু সেখানেও কাজটি ঠিকাদারকে দিয়ে করাতে হবে। সহিংসতার ঘটনার তিন মাসের বেশি সময় পার হয়েছে। এত দিন সংস্কার করেনি। এত দিন পর এসে জরুরি প্রয়োজন দেখিয়ে এই সংস্কারকাজ করা নিয়মের লঙ্ঘন ছাড়া কিছুই নয়।
জানতে চাইলে জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম বলেন, ‘আমাদের সভা করার কোনো জায়গা, চেয়ার ও টেবিল নেই। প্রকৌশলীকে এসবের ব্যবস্থা করতে বলেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো টাকা নিইনি এবং দিইনি। এটা কি পদ্মা সেতুর মতো যে কাজ করার আগেই টাকা চুরি করা হয়েছে? এ ধরনের রঙ্গরসের কথা বলে লাভ হবে না। আমি এখানে ২ নম্বর ব্যবসা করার জন্য বসিনি।’
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, হেফাজতের সহিংসতায় ক্ষতিগ্রস্ত জেলা পরিষদের ডাকবাংলো ও জেলা পরিষদ কার্যালয়ের সংস্কারকাজের জন্য সম্প্রতি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দ থেকে জেলা পরিষদ সহিংসতায় ক্ষতিগ্রস্ত সুরসম্রাট দ্য আলাউদ্দিন সংগীতাঙ্গনের সংস্কারকাজের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছে। বর্তমানে জেলা পরিষদের তহবিলে সংস্কারকাজের জন্য ৯৫ লাখ টাকা রয়েছে। এই টাকা থেকেই জেলা পরিষদ কার্যালয় ভবনের পশ্চিম দিকের নিচতলার সার্ভেয়ার ও ইলেকট্রিশিয়ান, মিলনায়তন, সভাকক্ষসহ ক্ষতিগ্রস্ত কক্ষগুলোর সংস্কারকাজ করা হচ্ছে। গত ২ জুলাই এ সংস্কারকাজ শুরু হয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘আমরা এমন সংস্কারকাজ কোটেশনের মাধ্যমে করতে পারি। আর কোটেশন প্রস্তাব আহ্বান করা না হয়ে থাকলে দ্রুতই তা করা হবে। দ্রুতই কোটেশনের নোটিশ দেওয়া হবে।’