নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
রাজশাহীতে ওয়াসার পানির দাম তিন গুণ বৃদ্ধি এবং সারা দেশে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মহানগর ওয়ার্কার্স পার্টি। আজ বুধবার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন হয়। এতে ওয়ার্কার্স পার্টি ছাড়াও যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, নারী মুক্তি সংসদ ও জাতীয় শ্রমিক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা অংশ নেন।
রাজশাহী নগরে পানির দাম বাড়ানোর ঘোষণার পর থেকেই ওয়ার্কার্স পার্টি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে আসছে। ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন পাড়া-মহল্লায় এ বিষয়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ চলমান। ওয়াসা যদি তাঁদের সিদ্ধান্ত প্রত্যাহার না করে তবে শিগগিরই ওয়াসা ভবন ঘেরাও করে তাঁদের এমডি ও কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে দেওয়া হবে বলে সমাবেশ থেকে হুমকি দেওয়া হয়।
নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে বক্তারা বলেন, মহামারি কাটিয়ে সাধারণ মানুষ এখন স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। এমন সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি অযৌক্তিক। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু ব্যক্তি ও অসাধু শ্রেণির ব্যবসায়ীদের হীন কর্মকাণ্ডের জন্য দ্রব্যমূল্য বাড়ছে। সরকারকে বিষয়গুলো দায়িত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, পানিসহ নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে, ঠিক তখন সরকারের কিছু মন্ত্রী অদায়িত্বশীলতার পরিচয় দেন। তাঁদের বলা কথা নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল হয়। ওয়ার্কার্স পার্টি এই সরকারের কাছে এসব হাস্যকর কর্মকাণ্ড প্রত্যাশা করে না।
ঘণ্টাব্যাপী চলা সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য সিরাজুর রহমান খান। বক্তব্য রাখেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক, সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুল মতিন, নাজমুল করিম, মনিরুজ্জামান মনির, মহানগর সদস্য মতিউর রহমান, কাশিয়াডাঙ্গা থানার সভাপতি শামীম ইমতিয়াজ, ওহিদুর রহমান। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য মনিরুদ্দীন।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ওয়ার্কার্স পার্টির সদস্য আলমগীর হোসেন, সাঈদ চৌধুরী, কাশিয়াডাঙ্গা থানার সাধারণ সম্পাদক গোলাম রসুল বাবলু, আমিনুল ইসলাম, নারী নেত্রী রুনা আক্তার, ছাত্রমৈত্রীর মহানগরের সহসভাপতি সাকিব আল হাসান, রাজপাড়া থানার সাধারণ সম্পাদক ইফতিক হাসান প্রমুখ।