নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিএনপির প্রতীকী অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশন করে বরিশাল উত্তর জেলা বিএনপি। শহরের অশ্বিনী কুমার হল চত্বরে
ছবি: প্রথম আলো

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে বরিশালে পৃথকভাবে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি। বুধবার সকাল ১০টায় নগরের সদর রোডে মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা বিএনপি এবং অশ্বিনীকুমার টাউন হল চত্বরে উত্তর জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আকতার হোসেনের সঞ্চালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমত উল্লাহ, নির্বাহী কমিটির সদস্য কাজী রওকুল ইসলাম, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, নুরুল আমিন, এইচ এম মহসিন প্রমুখ।

নগরের অশ্বিনীকুমার টাউন হল চত্বরে বরিশাল উত্তর জেলা বিএনপির অনশন কর্মসূচির সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ। বক্তব্য দেন উত্তরের সদস্যসচিব মিজানুর রহমান, সৈয়দ রফিকুল ইসলাম, আবদুস ছত্তার খান, আবুল হোসেন, সাহাবুদ্দিন লাল্টু, আবদুল গফফার তালুকদার প্রমুখ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশনে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি। নগরের সদর রোডে বিএনপির নগর কার্যালয়ে
ছবি: প্রথম আলো

বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার প্রশাসনের কাঁধে ভর করে দেশ পরিচালনা করছে। দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছুই আজ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। সরকার উন্নয়নের নামে লুটপাট করে মন্ত্রী–এমপিদের পকেট ভারী করছে।

বিএনপির নেতারা বলেন, এই সরকার আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু এ স্বপ্ন আর পূরণ হবে না। দিনের ভোট রাতে করে সরকার যেভাবে দেশে জুলুম নির্যাতন করছে, তার অবসান হবেই। এ সময় ভবিষ্যতের আন্দোলন–সংগ্রামে সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।