নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেট ও দুর্নীতির ফল: বিএনপি নেতা মোশাররফ হোসেন
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেট ও দুর্নীতির ফল। এ সিন্ডিকেট জনগণের ওপর অতিরিক্ত মূল্য চাপিয়ে দিচ্ছে। জনগণ সরকারের আচরণে আজ ক্ষোভে ফুঁসছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিক্ষুব্ধ জনগণকে সঙ্গে নিয়ে অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নওগাঁয় আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। শহরের মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি এ সমাবেশ আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন।
বেলা ১১টায় শুরু হওয়া এ সমাবেশ শেষ হয় ১টায়। জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল মতিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন আহমেদ, সদস্য নজমুল হক, জাহিদুল হক, মামুনুর রশিদ, রবিউল আলম, খাজা নজিবুল্লাহ চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আশফ কবির চৌধুরী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে হুদা বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ বি এম মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। দেশ ও দেশের মানুষের প্রতি কোনো দরদ নেই। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠলেও জনবিচ্ছিন্ন সরকারের কোনো অনুভূতি নেই।