নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে গণসংহতি আন্দোলনের ডিসি অফিস ঘেরাও কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। মঙ্গলবার দুপুরে
প্রথম আলো

তেল, চাল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে গণসংহতি আন্দোলনের জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির নেতা-কর্মীরা নগরের সদর রোডে অশ্বিনী কুমার হল চত্বরে জমায়েত হন। পরে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করতে যান। মিছিলটি কার্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে সড়কেই সমাবেশ করেন তাঁরা।

জেলা গণসংহতি আন্দোলনের সদস্য সাকিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান আবদুর রশীদ। আবদুর রশীদ বক্তৃতায় বলেন, ‘আজ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে আবারও প্রমাণ করেছে, এই সরকার গণবিরোধী। এই পুলিশ ও প্রশাসন সরকারের তল্পিবাহক। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

বক্তারা বলেন, গত ২ বছরে ভোজ্যতেলের দাম ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্যর এই ঊর্ধ্বগতি জনগণের জীবনে নাভিশ্বাস তুলেছে।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সদস্যসচিব আরিফুর রহমান বলেন, দফায়–দফায় গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ পরিবহন ব্যয়, বাসাভাড়া, শিক্ষার খরচ, তেল, পেঁয়াজ সবকিছুর দাম বেড়েছে। দুই বছর মেয়াদি মহামারিকাল পার হতে গিয়ে দেশের মানুষ সর্বস্ব হারিয়েছে। এত বড় মহামারি সংকট কাটিয়ে উঠতে মানুষ যখন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, তখন সরকার তাদের পাশে না দাঁড়িয়ে মানুষের ওপর আরও বেশি দ্রব্যমূল্যের বোঝা চাপিয়ে দিচ্ছে। সরকারের গণলুটপাট বন্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক জামান কবির, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি জাবের মুহাম্মদ প্রমুখ। তাঁরা বলেন, গত ২ বছরে ভোজ্যতেলের দাম ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্যর এই ঊর্ধ্বগতি জনগণের জীবনে নাভিশ্বাস তুলেছে। সরকার লোকসানের দোহাই দিয়ে সব সময় জনগণের পকেট কাটছে। দেশের অর্থ পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে। দেশের সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা করে অবিলম্বে রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে।

বক্তারা অভিযোগ করেন, যথাযথ বাজার মনিটরিং হচ্ছে না। শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক নয়, সর্বস্তরের ভ্যাট কমিয়ে জনগণের বাঁচার ব্যবস্থা করতে হবে। বিদেশ থেকে গ্যাস আমদানি না করে দেশীয় সক্ষমতা বাড়াতে হবে।