নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে সব জেলায় পণ্য সরবরাহের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নেত্রকোনা জেলা বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের কুরপাড় এলাকার একটি খেলার মাঠে এ সমাবেশ হয়। তবে সমাবেশে অংশ নেয়নি বিএনপির একটি অংশ।
সমাবেশে বক্তারা বলেন, রাত পোহালেই নিত্যপণ্যের দাম বাড়ছে। শুধু নিত্যব্যবহার্য পণ্যই নয়, নির্মাণসামগ্রীরও দাম বাড়ছে। এতে মানুষ দিশাহারা হয়ে যাচ্ছে। পথে বসে যাচ্ছে। সরকারের কিছু সুবিধাভোগী লোক সাধারণ মানুষকে অসহায় বানিয়ে এর ফায়দা নিচ্ছে।
জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান, জেলা তাঁতী দলের সভাপতি আজিজুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বিএনপির একটি অংশকে সমাবেশে অংশ নিতে দেখা যায়নি। জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান অভিযোগ করেন, ওয়ারেছ আলী তাঁদের সমাবেশে যেতে নিষেধ করেছেন। এ কারণে জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা কৃষক দলের একটি অংশ সমাবেশে যেতে পারেনি।
সালাহ উদ্দিন খান বলেন, ‘সমাবেশে না যাওয়াদের মধ্যে আমিসহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান তালুকদার, সহসভাপতি আরিফা জেসমিন, সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের, যুবদল সভাপতি মশিউর রহমান, ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের পদধারী শতাধিক নেতা অনুপস্থিত ছিলেন।’
জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান বলেন, ‘জেলা বিএনপিতে এখন ভাঙন দেখা দিয়েছে। আমরা যাঁরা বিভিন্ন আন্দোলন–সংগ্রামে যুক্ত, দলীয় কর্মসূচিতে তাঁদের যেতে নিষেধ করা হয়েছে। এ কারণে আমরা সমাবেশে যাইনি।’
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী প্রথম আলোকে বলেন, দলগতভাবে কাউকে সমাবেশে যেতে নিষেধ করা হয়নি। কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ আছে। তা কেন্দ্রের তদন্তাধীন। এ কারণে সুনির্দিষ্ট কয়েকজনকে নিষেধ করা হয়েছে।