নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে সিপিবির বিক্ষোভ
নিত্যপ্রয়োজনীয় পণ্য ও তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আজ বুধবার সকালে বিক্ষোভে বাজার সিন্ডিকেট ভেঙে এলপি গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানানো হয়।
সিপিবির জেলা কমিটির সভাপতি আবুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক আরশেদ আলী, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক সেতোয়ার রহমান খান, জেলা ক্ষেতমজুর সমিতির কমিটির সভাপতি আবদুল মান্নান, জেলা ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি এম আর লিটন প্রমুখ।
আজহারুল ইসলাম বলেন, গত এক বছরে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ৫০ থেকে ৮০ শতাংশ বেড়েছে। জনগণের জীবনযাত্রার ব্যয় বহু গুণ বেড়েছে। দেশের ১৭ কোটি মানুষ এখন বাজার সিন্ডিকেটের হাতে জিম্মি দশায় রয়েছে। এই সিন্ডিকেটের পাহারাদারের ভূমিকায় আছেন বর্তমান বিনা ভোটের স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সরকার।
আবুল ইসলাম সিকদার বলেন, করোনায় দেশের জনগণের আর্থিক দুর্গতি বেড়েছে, আয় কমেছে। অনেকে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন। এরই মধ্যে ডিজেল, কেরোসিনের দাম বাড়ার ফলে বাসভাড়া বেড়েছে। এতে জনগণ জীবনযাত্রার ব্যয় মেটাতে মারাত্মক সমস্যায় পড়েছেন। দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে জনজীবন আরও দুর্বিষহ সংকটে পড়বে।
সমাবেশে বক্তারা এলপি গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর পাশাপাশি গ্রাম, শহরে ওএমএস ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।