নিথর ছেলেকে ছুঁয়ে বাকরুদ্ধ বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসমাইল হোসেন নীরব
ইসমাইল হোসেন নীরব

ময়নাতদন্ত শেষ। ট্রলির ওপর শুইয়ে রাখা হয়েছিল ইসমাইল হোসেন নীরবকে। ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে একমাত্র সন্তানের লাশ বুঝে নিচ্ছিলেন তাঁর বাবা রেজাউল ইসলাম। কিন্তু গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিক নিথর ছেলেকে ছুঁয়ে তিনি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেন।
পরে কান্নাজড়িত কণ্ঠে রেজাউল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমার যা হওয়ার হয়েছে। মামলা করব না। তবে আমার মতো সর্বনাশ যেন কারও না হয়।’
ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান কাজী মোহাম্মদ আবু শামা বলেন, পানিতে ডোবার কারণেই ইসমাইল মারা যায়। তার পেটে ও ফুসফুসে পানি জমেছিল।
এরপর ইসমাইলের লাশ মাদারীপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। গতকাল সেখানেই তার লাশ দাফন করা হয়।
এদিকে গতকাল বুধবার সকালেও ঢাকায় ইসমাইলের শ্যামপুরের বরইতলায় বাড়ির সামনে ভিড় করে হাজারো মানুষ। অনেকে জড়ো হচ্ছেন সেই নালাটির সামনে। ক্ষুব্ধ লোকজনের অনেকেই বলেছেন, গভীর নালাটি এভাবে খোলা রাখা হলো কেন? অনেকে আবার ছুটে যাচ্ছেন ইসমাইলের ঘরের সামনে।
কিন্তু লাশ দাফনের জন্য সকালেই ইসমাইলের মা নাজমা বেগম গ্রামের বাড়ি চলে গেছেন। ঘরটিও রয়েছে তালাবদ্ধ অবস্থায়। প্রতিবেশী আবদুল মতিন প্রথম আলোকে বলেন, সকাল আটটার দিকে ইসমাইলের মা কয়েকজন আত্মীয়ের সঙ্গে গ্রামের বাড়ি চলে গেছেন।
বরইতলার ৭৮ নম্বর বাড়ির ছোট্ট এক কামরায় বাবা-মায়ের সঙ্গে থাকত ইসমাইল। গত মঙ্গলবার এই বাড়ির ৫০০ গজ দূরে গভীর উন্মুক্ত নালায় পড়ে যায় সে। চার ঘণ্টা পর বুড়িগঙ্গা নদীর পাড় থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ইসমাইলের চাচা সোহরাব আলী প্রথম আলোকে বলেন, গ্রামের বাড়িতে জন্ম ইসমাইলের। কিন্তু জন্মের পর থেকে এই শ্যামপুর এলাকাতেই বড় হয়েছে সে। প্রতিদিন বিকেলে সে খেলা করতে যেত। প্রতিবেশী আরও কয়েকটি বাচ্চার সঙ্গে গত মঙ্গলবার বিকেলেও খেলতে যায় ইসমাইল। বিকেল পাঁচটার দিকে সে নালায় পড়ে যায়।
এলাকাবাসী জানান, এখানে তিন-চার বছর আগে পাইপলাইন বসিয়ে সেটি বুড়িগঙ্গা নদী পর্যন্ত নিয়ে যায় শ্যামপুর শিল্প মালিক সমিতি। শ্যামপুরের শিল্পকারখানার বর্জ্য, পানি—সবই চলে যায় এই নালা দিয়ে। কয়েক কিলোমিটার দীর্ঘ নালাটির বিভিন্ন স্থানে ঢাকনা বসানো। কিন্তু বরইতলায় ইসমাইলের বাড়ির সামনে কোনো ঢাকনা ছিল না। প্রথম থেকেই উন্মুক্ত অবস্থায় ছিল।
ইসমাইলের পরিবার এ ঘটনায় মামলা করতে চাইছে না। তবে পুলিশ বাদী হয়ে মামলা করতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, শ্যামপুরের বরইতলা এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নয়। ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে নালা করেছে শ্যামপুর শিল্প মালিক সমিতি। এটি তারা তত্ত্বাবধান করত। এ জন্য মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।