খাগড়াছড়ির দীঘিনালা
নিবন্ধন করেও এনআইডি পাচ্ছেন না তাঁরা
এনআইডি না পাওয়ায় নির্বাচনে ভোট দিতে পারছেন না ৩১৯ ব্যক্তি। করোনাভাইরাসের টিকার জন্য নামও নিবন্ধন করতে পারেননি।
খাগড়াছড়ির দীঘিনালায় ২০১৭ সালে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নাম নিবন্ধন করা ৩১৯ ব্যক্তির কোনো তথ্য নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে নেই। এ কারণে গত পাঁচ বছরেও তাঁরা জাতীয় পরিচয়পত্র পাননি। জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় কোনো নির্বাচনে তাঁরা ভোট দিতে পারছেন না। এ ছাড়া করোনাভাইরাসের টিকার জন্য নামও নিবন্ধন করাতে পারেননি তাঁরা।
নির্বাচন কমিশনের সার্ভারে তাঁদের তথ্যগুলো ‘ম্যাচ ফাউন্ড স্ট্যাটাস’ দেখাচ্ছে। সফটওয়্যারে ত্রুটির কারণে অনেক সময় একজনের তথ্য দুবার দেখায়। আবার কেউ একই নামে দুবার ভোটার হলেও ম্যাচ ফাউন্ড স্ট্যাটাস দেখায় বলে ইসি সূত্রে জানা গেছে। যখন এ ধরনের স্ট্যাটাস দেখায় সার্ভারে, তখন ইসি থেকে ওই ব্যক্তির তথ্য ব্লক করে রাখা হয়। তাঁরা ভোটও দিতে পারেন না। এনআইডিও পান না।
আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বরাবরে চিঠি দিয়েছি। আশা করছি একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলার পাঁচটি ইউনিয়নে ২০১৭ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সে সময় ভোটার তালিকায় প্রায় তিন হাজার নতুন নাম অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ৩১৯ জন নারী-পুরুষ এনআইডির জন্য নাম নিবন্ধনের পাশাপাশি ছবিও তুলেছিলেন। কিন্তু গত পাঁচ বছরেও তাঁরা এনআইডি পাননি। সাময়িক পরিচয়পত্র তুলতে গিয়ে দেখেন, সার্ভারে তাঁদের কোনো তথ্য নেই। বিষয়টি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে ৫ জানুয়ারি চিঠি দিয়ে জানানো হয়। এর আগেও একাধিকবার চিঠি দিয়ে জানানো হয়েছে।
উপজেলার বোয়ালখালী সদর ইউনিয়নের সুধীর মেম্বারপাড়ার বাসিন্দা প্রিয়ব্রত বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আমার দুই মেয়ে রচনা বড়ুয়া ও পূজা বড়ুয়া ২০১৭ সালের ২৮ আগস্ট এনআইডির জন্য ছবি তুলেছে এবং আঙুলের ছাপসহ যাবতীয় কার্যক্রম শেষ করেছিল। কিন্তু এনআইডি পায়নি। সাময়িক পরিচয়পত্র তুলতে গেলে সার্ভারে তাদের কোনো তথ্যই নেই বলে জানানো হয়। জাতীয় পরিচয়পত্র না থাকায় তারা করোনাভাইরাসের টিকার নিবন্ধনও করতে পারেনি।’
কথা হয় এই জটিলতার শিকার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা দরিতা ত্রিপুরা, অনিল বালা ত্রিপুরা, রেনী চাকমা ও রাশেদা আক্তারের সঙ্গে। তাঁরা জানান, এনআইডি না পাওয়ায় সরকারি বিভিন্ন সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করেও কোনো সমাধান হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহেনসা লতিফুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘২০১৭ সালে ভোটার হওয়ার জন্য নাম নিবন্ধন করা ৩১৯ ব্যক্তির তথ্য সার্ভারে দেখাচ্ছে না। সার্ভারে ক্লিক করলে ম্যাচ ফাউন্ড স্ট্যাটাস দেখাচ্ছে। হয়তো এসব ব্যক্তির তথ্য অন্য কারও সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বরাবরে চিঠি দিয়েছি। আশা করছি একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।’
অবশ্য করোনাভাইরাসের টিকার নিবন্ধন প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তনয় তালুকদার বলেন, যাঁদের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ রয়েছে, তাঁরা সেই সনদ দিয়ে টিকার নিবন্ধন করতে পারবেন।