নিরবচ্ছিন্ন অক্সিজেনের অভাবে প্রাণ গেল শিশুটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পর থেকেই হৃদরোগে ভুগছিল শিশুটি। ভালভের সমস্যার কারণে মাঝেমধ্যেই শ্বাসকষ্ট হতো। চিকিৎসক জানিয়েছিলেন, শ্বাসকষ্ট হলেই তাকে অক্সিজেন দিতে হবে। ফলে শ্বাসকষ্ট হলেই তাকে নিতে হতো হাসপাতালে। গতকাল শনিবার আবারও শ্বাসকষ্ট দেখা দেয় তার।

১০ মাস বয়সী শিশুটিকে নেওয়া হয় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে। সারা রাত অক্সিজেন দেওয়ার পর ভোরে তা শেষ হয়ে যায়। আরেকটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে করতেই প্রাণ যায় ফালাক নামের শিশুটির।

শিশুটির বাবা ফসয়াল মাহমুদ বলেন, রোববার ভোরে অক্সিজেন শেষ হয়ে যাওয়ার পর বিকল্প সিলিন্ডার সংগ্রহ করে দিতে ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের বারবার অনুরোধ করার পরও তাঁরা কানে তোলেননি। তবে শিশু ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক বলেছেন, অন্য ওয়ার্ড থেকে আরেকটি অক্সিজেনের সিলিন্ডার সংগ্রহ করে আনতে মিনিট ১৫ সময় লেগে যায়। এর মধ্যে শিশুটির অবস্থার আরও অবনতি হয়। পরে সকাল আটটার দিকে শিশুটি মারা যায়। এতে কারও গাফিলতি ছিল না।

মারা যাওয়া শিশুটির বাড়ি ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায়। স্বজনেরা জানান, হৃদরোগ নিয়েই ফালাকের জন্ম হয়। সম্প্রতি শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানকার চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল নুরুন নাহার ফাতেমা শিশুটির চিকিৎসা দেন। চিকিৎসা পেয়ে ফালাক সুস্থ হয়। সে সময় চিকিৎসক বলেছিলেন, মাঝেমধ্যে শিশুটির শ্বাসকষ্ট দেখা দিতে পারে, আর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে অক্সিজেন দিতে হবে। এর মধ্যে কয়েকবার শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনেরা ফালাককে শহরের একটি ক্লিনিকে নিয়ে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেন।

গতকাল শনিবার রাত আটটার দিকে ফালাকের শ্বাসকষ্ট দেখা দেয়। তখন তাকে ওই ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে সংস্কারকাজ চলায় অক্সিজেন দেওয়া সম্ভব হয়নি। পরে রাত ১০টার দিকে তাঁরা শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ শাহজাহান নেওয়াজ স্বাস্থ্য পরীক্ষার পর ব্যবস্থাপত্র দিয়ে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। পাশাপাশি তিনি শিশুটির জন্য অক্সিজেনেরও ব্যবস্থা করে দেন।

শিশুটির বাবা ফয়সাল মাহমুদ বলেন, হাসপাতালে চিকিৎসা নেওয়া অবস্থায় শ্বাসকষ্টের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁরা ফালাককে রংপুরে নিয়ে যেতে পারেননি। এ অবস্থায় আজ রোববার ভোরে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ফালাকের শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। অবস্থা দেখে বিকল্প সিলিন্ডার সংগ্রহ করে দিতে ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের বারবার অনুরোধ করার পরও তাঁরা তা কানে তোলেননি। পরে তাঁরা সিলিন্ডার সংগ্রহ করতে যায়। কিন্তু সকাল আটটার দিকে ফালাক মারা যায়। ফয়সাল আরও বলেন, ‘হাসপাতালে অক্সিজেনের অভাবে চোখের সামনে আমার মেয়ে মারা গেল। সময়মতো অক্সিজেনের ব্যবস্থা করা গেলেই মেয়ে এভাবে মারা যেত না।’ এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

চিকিৎসক শাহজাহান নেওয়াজ বলেন, হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন নেই। তারপরও সিলিন্ডার অথবা কনসিলেটর মেশিনের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়। রাতে শিশুটিকে কনসিলেটর মেশিনের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছিল। ঘণ্টা ছয়েক চলার পর মেশিনটি বন্ধ হয়ে যায়। এরপর অন্য ওয়ার্ড থেকে আরেকটি অক্সিজেনের সিলিন্ডার সংগ্রহ করে আনতে মিনিট ১৫ সময় লেগে যায়। এর মধ্যে শিশুটির অবস্থার আরও অবনতি হয়। পরে সকাল আটটার দিকে শিশুটি মারা যায়। এতে কারও গাফিলতি ছিল না।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক নাদিরুল আজিজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।