১০ দিনের মধ্যে ময়মনসিংহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা না হলে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আলটিমেটাম দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কিছুদিন ধরে অব্যাহত লোডশেডিংয়ের কারণে নগরীর বাসিন্দা ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ব্যবসায়ী সংগঠন ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে স্মারকলিপি দিয়েছে। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, গত আগস্টে লোডশেডিংয়ের প্রতিকার চেয়ে বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলীর সঙ্গে আলোচনায় বসলেও সমাধান হয়নি। বর্তমানে লোডশেডিংয়ের কারণে ব্যবসায়িক কার্যক্রম ও নাগরিক জীবন বাধাগ্রস্ত হচ্ছে।
ব্যবসায়ী সংগঠন ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ ময়মনসিংহ’। করোনায় বিপর্যস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের ঘুরে দাঁড়ানোর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নজরুল ইসলাম।
লোডশেডিংয়ের ব্যাপারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, একটি উৎপাদন কেন্দ্র পাঁচ মাস ধরে বন্ধ, দুটি বিদ্যুৎকেন্দ্রের মেরামতকাজ চলমান থাকা এবং শম্ভুগঞ্জে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সংকটে উৎপাদন অর্ধেকে নেমে যাওয়ায় এ সংকট তৈরি হয়েছে। মাসখানেক পর চাহিদা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক হবে।
জেলা প্রশাসক এনামুল হক বলেন, স্মারকলিপি পেয়ে দাবির বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।