নিরাপত্তা দিতে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ রাবি শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাই ও দুর্বৃত্তায়নের প্রতিবাদে আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে আয়োজিত প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।

কর্মসূচিতে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আবদুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০-১২টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত এই প্রক্টরিয়াল টিম একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার বা শিক্ষার্থীদের হারানো জিনিস উদ্ধার করেছে, এ রকম নজির দেখাতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে একটা নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে, এর মূল দায় এই প্রক্টরিয়াল টিমের।

আবদুল মজিদ আরও বলেন, শিক্ষার্থীরা যখন কোনো ঘটনার শিকার হন, তাঁরা প্রক্টরের কাছে অভিযোগ দেন। তখন প্রক্টর তাঁদের থানায় জিডি করতে বলেন। যদি থানাতেই সবকিছু করতে হয়, তাহলে প্রক্টরিয়াল টিমের কাজ কী?

ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ খান বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনে প্রক্টরিয়াল বডি রয়েছে। তাদের দায়িত্ব ক্যাম্পাস ও আশপাশে কোনো শিক্ষার্থীর নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেটা দেখা। কিন্তু ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় প্রক্টরিয়াল বডির দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে। এত পুলিশ, এত গোয়েন্দা সংস্থার ব্যক্তি ক্যাম্পাসে ক্রিয়াশীল থাকার পরও ভিসির বাসভবনের সামনে ছিনতাই হচ্ছে। এটিই সবচেয়ে অপ্রীতিকর।

ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, ‘গত সোমবার আমার এক বন্ধু ছিনতাইয়ের শিকার হয়েছে। প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসনের কোনো তৎপরতা নেই। দাবি আদায়ের জন্য যখন আমরা মানববন্ধন করি, সমাবেশ করি, তখন প্রক্টর আমাদের অফিসে ডেকে নিয়ে আরেক ধরনের হয়রানি করেন। যখন কোনো শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়, তখন ডেকে নিয়ে আমাদের সিসিটিভি ফুটেজ দেখানো হয়। সাময়িকভাবে আমাদের আশা দেওয়া হয়। কিন্তু এর দীর্ঘমেয়াদি কোনো প্রতিকার তাঁরা দিতে পারেন না।’

রাকিবুল আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চেয়ারের একটা মর্যাদা ও সম্মান রয়েছে। শহীদ শামসুজ্জোহা স্যার এই চেয়ারে বসে আলোকিত করে গেছেন। সেখানে এ রকম অযোগ্য প্রক্টরিয়াল টিম আমরা চাই না। তাই এই প্রক্টরিয়াল টিমের পদত্যাগের দাবি জানাই।’

কর্মসূচিতে অন্যদের মধ্যে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান, তানভির আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আবারও ছিনতাই ও ছিনতাইচেষ্টা
বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সেলিম আল বাচ্চু নামের এক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাশের উড়ালসড়কের নিচে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা ওই শিক্ষার্থীর মুঠোফোন ও টাকা ছিনিয়ে নিয়েছে। ওই রাতেই তিনি এ বিষয়ে প্রক্টরের দপ্তরে মৌখিক অভিযোগ করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী বলেন, ‘ঘটনাটি আসলে বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে ঘটেছে। তারপরও আমরা জানার পরই টহল গাড়ি নিয়ে সেখানে গিয়েছিলাম। চন্দ্রিমা থানাকেও এ বিষয়ে জানানো হয়েছে।’

এদিকে সোমবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে একটি ছিনতাইচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত আটটার দিকে আইবিএর ইএমবিএর এক ছাত্রী রিকশায় করে কাজলা থেকে বিনোদপুরে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে চলে যায়।

ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী বলেন, ‘আমরা ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি ক্যাম্পাসের আশপাশের এলাকাগুলোতে যেন শিক্ষার্থীরা নিরাপদ থাকে, সে জন্য সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে কথা বলেছি। আমরা প্রক্টরিয়াল বডিও এটা নিয়ে আলোচনায় বসছি।’