নিরাপদ নৌপথের দাবিতে মুন্সিগঞ্জে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ নৌপথের দাবিতে সমাবেশ ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হচ্ছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাব চত্বরে
ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথ নিরাপদ করার দাবিতে মুন্সিগঞ্জে গণস্বাক্ষর ও গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নাগরিক সমন্বয় পরিষদের ব্যানারে মুন্সিগঞ্জ প্রেসক্লাব চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।

কয়েক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন জেলার সামাজিক সংগঠনের সদস্য, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার কয়েক শ মানুষ। এ সময় নিরাপদ নৌপথের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

সমাবেশে বক্তরা বলেন, ‘বারবার দাবি তোলা হলেও মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথ নিরাপদ করতে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীতে বেপরোয়াভাবে কার্গো জাহাজ চলাচল করে। এতে বিভিন্ন সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মুন্সিগঞ্জের অনেক মানুষ। তা ছাড়া এ নৌপথে চলাচল করা লঞ্চগুলো অনেক পুরোনো। এগুলোর ফিটনেস কীভাবে বহাল আছে বছরের পর বছর, এগুলোর রুট পারমিট কী কারণে এত দিনে বাতিল হয়নি, অদক্ষ চালক দিয়ে কীভাবে চলে এসব লঞ্চ, এ নৌপথের দায়িত্বে আছে কোন সংস্থা, বড় নৌযানগুলো আইন অমান্য করে বেপরোয়া কীভাবে চলে—এসব উত্তর কে দেবে আমাদের?’

আরও পড়ুন

এ সময় বক্তব্য দেন নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক সুজন হায়দার, সদস্যসচিব আবদুস সাত্তার মুন্সী, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সরকারি হরগঙ্গা কলেজ শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুন্সি সিরাজুল হক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা প্রমুখ।

‘প্রভাবশালী সিন্ডিকেটের কাছে পুরো জেলার মানুষ জিম্মি’ মন্তব্য করে সুজন হায়দার বলেন, সলিলসমাধি এই জেলার মানুষের ভাগ্যের লিখন। অনেক বড় বড় নেতা আছেন জেলায়, যাঁরা বড় বড় কথা বলেন কিন্তু কাজের কাজ কিছুই করেন না। এ কারণে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। এসব নিয়ে প্রশাসনেরও মাথাব্যথা নেই। রাজনৈতিক নেতাদেরও মাথাব্যথা নেই। কারণ, ওনারা তো এসি গাড়িতে চলাচল করেন। দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থল পরিদর্শন, তদন্ত কমিটি গঠন ও প্রতি মৃতদেহের জন্য ২০ হাজার টাকা দিয়েই তাঁদের দায়িত্ব শেষ।

বিভিন্ন দাবি তুলে বক্তারা বলেন, যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে নৌপথের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিতে হবে। নদীতীরে যত্রতত্র জাহাজ নোঙর করা বন্ধ করতে হবে, সেগুলো যত শক্তিশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানেরই হোক না কেন। লঞ্চডুবির ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ পথে উন্নত নৌযান চালু করতে হবে। নৌপথ সুরক্ষায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের এগিয়ে আসারও দাবি করেন তাঁরা।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে শহরের সুপারমার্কেট এলাকায় অঙ্কুরিত মুক্তিযুদ্ধ ভার্স্কযের সামনে গিয়ে শেষ হয়।
গত রোববার বেলা আড়াইটার দিকে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো রূপসী-৯-এর ধাক্কায় যাত্রীবাহী এমএল আফসার উদ্দিন-২ নামে লঞ্চ ডুবে যায়। এতে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের বাড়ি মুন্সিগঞ্জ সদরে ও দুজনের বাড়ি গজারিয়া উপজেলায়।

আরও পড়ুন

এর আগে ২০২১ সালের ৪ এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিল এমএল সাবিত আল হাসান নামে যাত্রীবাহী লঞ্চ। মদনগঞ্জ এলাকায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর কাছাকাছি এসএকে এল-৩ নামে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এতে ৩৪ জনের মৃত্যু হয়, যাঁদের অধিকাংশের বাড়ি মুন্সিগঞ্জ।

এ ছাড়া ২০২০ সালের ২৯ জুন সকালে এমএল মর্নিং বার্ড নামে যাত্রীবাহী লঞ্চ মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে সদরঘাটের দিকে যাওয়ার পথে শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ময়ূর-২ নামের আরেকটি বড় লঞ্চের ধাক্কায় ডুবে যায়। এতে মুন্সিগঞ্জের ৩৪ জনের প্রাণহানি ঘটে।