নিরাপদ সন্তান প্রসবে প্রসূতিদের আস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর (পূর্ব) ও নাটাই (উত্তর) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র দুটি স্বাভাবিক ও নিরাপদ সন্তান প্রসবে দৃষ্টান্ত হয়ে উঠেছে। বছর তিনেক আগেও স্বাস্থ্যকেন্দ্র দুটিতে বছরে ৬৪ ও ৯৭টি শিশুর স্বাভাবিক প্রসব হতো। এখন এই করোনার মধ্যেও সেখানে স্বাভাবিক সন্তান প্রসব আড়াই থেকে তিন গুণ বেড়েছে।

স্বাভাবিক সন্তান প্রসবে উদ্ধুদ্ধকরণ, প্রসূতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, উপজেলা প্রশাসনের সহযোগিতা ও স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানোর কারণে স্বাস্থ্যকেন্দ্র দুটি স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসবে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই দুটি স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে উপজেলার আরও ৯টি স্বাস্থ্যকেন্দ্রের প্রসূতিসেবার পরিবর্তন হয়েছে। তিন বছর ধরে সদরের ১১টি স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও মাতৃমৃত্যুর হার শূন্য।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আকিব উদ্দিনের প্রচেষ্টায় বদলে গেছে এসব স্বাস্থ্যকেন্দ্রের প্রসূতিসেবার চিত্র।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মতিউর রহমান বলেন, সদর উপজেলার ইউএনওর কারণে স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবকাঠামোর উন্নয়ন হয়েছে। সদরের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রাতিষ্ঠানিক নিরাপদ সন্তান প্রসবের হার তুলনামূলকভাবে বেশি। সদরের আদলে জেলার বাকি স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও সেবাগ্রহীতার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ৬৭টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র রয়েছে। এর মধ্যে সদরে রয়েছে ১১টি স্বাস্থ্যকেন্দ্র। সদরের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (স্যাকমো), একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা, একজন ফার্মাসিস্ট, একজন আয়া, একজন নিরাপত্তাপ্রহরী কাম এমএলএসএস থাকার কথা। শুধু সুহিলপুর ও রামরাইল স্বাস্থ্যকেন্দ্রেই স্যাকমো রয়েছেন। অন্য ৯টি স্বাস্থ্যকেন্দ্রে স্যাকমোর পদটি শূন্য, কোনো স্বাস্থ্যকেন্দ্রেই ফার্মাসিস্ট নেই এবং আয়া নেই ছয়টিতে। তবে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে একজন করে পরিবার কল্যাণ পরিদর্শক, প্রতিটিতে তিনজন থেকে পাঁচজন করে পরিবার কল্যাণ সহকারী রয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শকেরা তিন বছর ধরে প্রসূতিদের স্বাভাবিক সন্তান প্রসবের কাজটি করে যাচ্ছেন। গত ২০২০-২১ অর্থবছরে নাটাই (উত্তর) ও তালশহর (পূর্ব) স্বাস্থ্যকেন্দ্র দুটি যথাক্রমে ২৫১ ও ১৮৪ শিশুর স্বাভাবিক জন্মগ্রহণের রেকর্ড গড়েছে।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকিব উদ্দিন জানালেন, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রসবকক্ষে শয্যা, ওষুধ ও দুয়েকটি সরঞ্জাম ছাড়া তেমন কিছুই ছিল না। ২০১৭ সালের ডিসেম্বরে সদরে যোগদানের পর স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ সন্তান প্রসবের জন্য অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সরঞ্জাম বাড়াতে সদরের ইউএনও পঙ্কজ বড়ুয়ার সঙ্গে আলোচনা করেন। এগিয়ে আসেন ইউএনও। তাঁরা স্বাভাবিক সন্তান প্রসবে প্রসূতিদের উদ্ধুদ্ধকরণ, কর্মীদের জবাবদিহি বাড়ানো, ইডিডি তালিকা করে গর্ভবতীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, নিরাপদ সন্তান প্রসবের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং শিশু ও মাতৃমৃত্যু রোধে ধাত্রীর মাধ্যমে বাড়িতে সন্তান প্রসব বন্ধ করতে কাজ শুরু করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানদেরও সম্পৃক্ত করেন।

আকিব উদ্দিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য, বাড়িতে সন্তান প্রসব শূন্যে নিয়ে আসা। এর আগে হবিগঞ্জেও কাজটি করতে পেরেছি।’

ইউএনওসহ এই কর্মকর্তা মিলে সদরের ১১টি স্বাস্থ্যকেন্দ্রের প্রসবকক্ষে এসি, অক্সিজেন সিলিন্ডার, বেবি ম্যানেজমেন্ট টেবিল, স্পট লাইট, পেঙ্গুইন সাকার, বিনা মূল্যে প্রসবসেবার ডেলিভারি কিট, ওজন মাপার যন্ত্র, সৌরবিদ্যুৎ, আইপিএস সংযোগ, প্লাসেন্টা ডাম্পিং পিট, নেবুলাইজার যন্ত্র, শিশুর হৃৎস্পন্দন জানতে ফিটাল ড্রপলার, ইনফ্রাড থার্মোমিটার, ক্লোরো সলিউশন, ফ্রিজ ও প্রসবের পর প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে অক্সিটোসিন ইনজেকশনের ব্যবস্থা করেন। তৈরি করেন জরুরি প্রয়োজনে রক্তদাতার তালিকাও।

নাটাই (উত্তর) স্বাস্থ্যকেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা আক্তার বলেন, ‘স্বাভাবিক সন্তান প্রসবে বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতীদের সচেতন করছি। ইতিবাচক সাড়াও পাচ্ছি। গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চারবার স্বাস্থ্যকেন্দ্রে আসতে হয়। প্রতিটি বাড়ির গর্ভবর্তী মায়ের সব ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে।’

গত শনিবার দুপুরে সরেজমিন নাটাই (উত্তর) ও তালশহর (পূর্ব) স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে ঢুকতেই আশপাশের পরিচ্ছন্ন পরিবেশ নজর কাড়ে। অন্তঃসত্ত্বা সখিনা বেগম ও তাসমিনা বেগম বললেন, স্বাভাবিকভাবে নিরাপদে সন্তান প্রসবে স্বাস্থ্যকেন্দ্রই তাঁদের আস্থার জায়গা।

ইউএনও পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘নিরাপদ সন্তান প্রসবের জন্য সদরের ১১টি স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধের ব্যবস্থা করেছি। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনা মূল্যে প্রসূতিসেবা দেওয়া হচ্ছে। গত তিন বছরের তুলনায় নিরাপদ সন্তান প্রসব প্রায় দ্বিগুণের বেশি বেড়েছে।’