নিরাপদ সড়ক দিবস পালিত
স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) গতকাল শনিবার শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে। দিবসের এবারের স্লোগান ছিল ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে আইন মানতে হবে’।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: নিরাপদ সড়ক চাই রংপুর জেলা কমিটির আয়োজনে রংপুর প্রেসক্লাবের সামনে বেলা ১১টার দিকে মানববন্ধন করা হয়। পরে একটি শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। মানববন্ধন চলাকালে এক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি জিল্লুর রাব্বি। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল খায়ের মো. মারুফ হাসান।
নীলফামারী: নিরাপদ সড়ক চাই-এর নীলফামারী শাখার উদ্যোগে বেলা ১১টার দিকে শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে যায়। সেখানে মানববন্ধন করা হয়। সেখানে বিভিন্ন লিফলেট বিতরণ করেন সংগঠনের কর্মীরা। মানববন্ধন শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা হয়। সংগঠনের জেলা শাখার উপদেষ্টা আবদুল বারীর সভাপতিত্বে বক্তব্য দেন সম্পাদক রাসেল আমিন, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম, সাংবাদিক নুর আলম প্রমুখ।
গাইবান্ধা: সাদুল্লাপুর উপজেলা শহরে শোভাযাত্রা ও সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখা। বেলা ১১টায় একটি শোভাযাত্রা স্থানীয় শহীদ মিনার হতে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌমাথা মোড়ের নিজস্ব শাখা কার্যালয় চত্বরে সমাবেশ হয়। সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক খোরশেদ আলম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান, ইউএনও আহসান হাবিব, থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।