নির্ঘুম রাত কেটেছে ইকরাম–রেকসোনাদের
খুলনা উপকূলের অন্যতম বড় নদ পশুর নদে আজ বুধবার সকালে জোয়ার চলছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিক উচ্চতার চেয়ে জোয়ারের পানি অনেক বেড়েছে। প্রচণ্ড বেগে জোয়ারের পানি আছড়ে পড়ছে নদীর পাড়ে। বেড়িবাঁধের বাইরে নদীর কিনারে বসবাস করা মানুষের আতঙ্ক বাড়ছে।
পশুর নদের তীরে বানিশান্তা ইউনিয়নের পূর্ব ঢাংমারী গ্রামের মানুষ জলের উচ্চতা বৃদ্ধি নিয়ে ভীষণ চিন্তায় আছেন। সেখানকার বাসিন্দা মো. সালাউদ্দিন বলেন, গত রাতের জোয়ারে তাঁদের রাস্তা ভেঙে গেছে। ঘরের বারান্দায় উঠে গিয়েছিল পানি। এখন আবার জোয়ার শুরু হয়েছে। এই জোয়ারে ক্ষয়ক্ষতির পরিমাণ কী দাঁড়াবে, তা নিয়ে শঙ্কিত তাঁরা। তিনি বলেন, ‘সারা রাত আমরা সবাই রাস্তায় ছিলাম। মালসামানা রেখে এসেছিলাম সাইক্লোন শেল্টারে। সিগন্যাল নেই। তবে জোয়ারের পানি বাড়ছে। প্রচণ্ড তুফান হচ্ছে।’ ওই গ্রামের বাসিন্দা মো. ফারুক খাঁ, আকরাম শেখ জানালেন, তাঁরা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। চার দিন ধরে নদীতে মাছ ধরতে নামতে পারছেন না। কষ্টে দিন কাটাতে হচ্ছে।
গ্রামের বাসিন্দা রিনা বেগম বলেন, নদীতে জোয়ারের উচ্চতা শুধু বাড়ছেই। ভাটা হওয়ার কথা সাধারণত ৬ ঘণ্টা। তবে বাতাস বেশি থাকায় ভাটা হচ্ছে মাত্র তিন ঘণ্টা। এতে পানির উচ্চতা খুব একটা কমছে না। এক একটি জোয়ার যাচ্ছে, রাস্তাঘাট-ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে।
স্থানীয় কয়েকজন বলেন, সকাল আটটায় শুরু হওয়া জোয়ার চলবে কমপক্ষে বেলা দেড়টা পর্যন্ত। সেই পর্যন্ত তাদের চিন্তায় থাকতে হবে।
মোংলা বন্দরের পশুর নদে থাকা ছোট-বড় বিভিন্ন ধরনের কার্গো জাহাজ পাশের ছোট নদী ঢাংমারী নদীতে ঢুকে পড়েছে নিরাপদে থাকার জন্য। দীর্ঘ লাইন দেখা গেছে কার্গো জাহাজের।
রেখামারি গ্রামের বাসিন্দা মুহাম্মদ হান্নান মোড়ল বলেন, ‘গতকাল সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি। ঘরের ভেতরে বসে ছিলাম। কখন না জানি ভেঙে যায়, এই চিন্তা ছিল। তবে শেষ পর্যন্ত ঘর ভেঙে যায়নি। আজ রাতে আবার বড় জোয়ার হবে, তখন কী হবে তা বলতে পারি না।’
পাশে থাকা রেকসোনা বেগম বলেন, ‘নদীর পাড়ের মানুষ আমরা। ছোটখাটো ঝড় আসলেই পরানডা পুঁটি মাছের মতো হয়ে যায়। তখনকার কথা কী আর বলব! কিন্তু কিছু করার নেই।’ শেখ সেলিম বলেন, ‘আপনারা তো আশ্রয়কেন্দ্রে যেতে বলেন। কিন্তু আশ্রয়কেন্দ্রে কত মানুষ, আমরা গিয়ে তো জায়গা পাই না। ঝড় আসলে জেগে থেকে রাত কাটানো আমাদের নিয়তি।’