নির্দেশনা না থাকায় বন্ধ মাধবকুণ্ড, ফটক থেকে ফিরলেন পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধ ফটকের সামনে পর্যটকদের ভিড়। ১৯ আগস্ট দুপুরে মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ডে
প্রথম আলো

পর্যটনকেন্দ্র খোলার কথা আজ বৃহস্পতিবার থেকে। এ রকম ঘোষণা জেনে এদিন সকাল থেকে বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটক ছুটে আসেন মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতে। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে মাধবকুণ্ড খুলে দেওয়ার নির্দেশনা আসেনি বন বিভাগের কাছে। যে কারণে বন্ধই ছিল মাধবকুণ্ডে প্রবেশের ফটক। বন্ধ ফটক থেকেই এলোমেলো ঘুরেফিরে গেলেন পর্যটকেরা।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে গত ১ এপ্রিল থেকে মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। এদিকে দেশব্যাপী লকডাউন প্রত্যাহারের পর শর্তসাপেক্ষে আজ ১৯ আগস্ট থেকে দেশের বিভিন্ন পর্যটন ও বিনোদনকেন্দ্র খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এই ঘোষণা শুনেই বিভিন্ন স্থান থেকে নানা বয়সের পর্যটক মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় এসে ভিড় করেন। সকাল থেকে তাঁরা মাধবকুণ্ডের ফটকে এসে জড়ো হতে থাকেন। কিন্তু ফটক ছিল বন্ধ। পরে পর্যটকেরা কেউ হতাশা নিয়ে ফিরে গেছেন। কেউ আশপাশের চা-বাগানে ঘুরে সময় কাটিয়েছেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে মাধবছড়া, চা-বাগান ও ঝোপজঙ্গলের ভেতর দিয়ে মাধবকুণ্ডে ঢুকে কিছু সময় কাটিয়েছেন।

সকাল থেকে তাঁরা মাধবকুণ্ডের ফটকে এসে জড়ো হতে থাকেন। কিন্তু ফটক ছিল বন্ধ। পরে পর্যটকেরা কেউ হতাশা নিয়ে ফিরে গেছেন।

বন বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস প্রথম আলোকে বলেন, পর্যটকদের জন্য মাধবকুণ্ড খুলে দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অফিশিয়ালি এখনো কোনো নির্দেশনা আসেনি। এ জন্য খুলে দেওয়া যায়নি। এ ছাড়া দীর্ঘদিন ধরে মাধবকুণ্ডে পর্যটকদের প্রবেশ না থাকায় রাস্তায়, সিঁড়িতে শেওলা জমে আছে। পাতা পড়ে নোংরা হয়ে আছে। এগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পর্যটকদের ঘোরার জন্য মাধবকুণ্ড এলাকাকে তৈরি করা হচ্ছে। তিন বলেন, ‘আমাদের প্রস্তুতি আছে। নির্দেশনা পেলেই খুলে দেওয়া হবে।’

মাধবকুণ্ড জলপ্রপাত। ১৯ আগস্ট দুপুরে
প্রথম আলো

আজ দুপুরে দেখা গেছে, মাধবকুণ্ডে ঢোকার পথে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভিড় করে আছেন। তাঁরা মাধবকুণ্ডে ঢোকার চেষ্টা করছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা পর্যটকদের খোলার নির্দেশনা না থাকার কথা বলে ফটক থেকে ফিরিয়ে দিচ্ছেন। এ সময় কিছু পর্যটককে পাহাড়ি পথে জলপ্রপাত এলাকায় প্রবেশ করতে দেখা গেছে। তবে বেশির ভাগ পর্যটকই আশপাশের এলাকা ঘুরেফিরে দেখেন। দীর্ঘদিন পর পর্যটনকেন্দ্র খোলার কথা শুনে স্থানীয় ব্যবসায়ীদের দোকান খুলে বসতে দেখা গেছে আজ।

সুদীপ্ত চৌধুরী নামের এক পর্যটক বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস পর্যটনকেন্দ্র বন্ধ ছিল। কোথাও যেতে পারিনি। পর্যটনকেন্দ্র খোলার পর প্রথমে মাধবকুণ্ড বেড়াতে এসেছি। দেখি গেট বন্ধ। অনেক দূর থেকে এসেছি। তাই পাহাড়ি পথে জলপ্রপাত দেখে ফিরছি।’
কুমিল্লা থেকে আসা পর্যটক মো. ইউসুফ বলেন, ‘কষ্ট করে অনেক দূর থেকে এসেছি। এসে দেখলাম বন্ধ। চা-বাগানের ভেতরের রাস্তা দিয়ে ঢুকে ঝরনাটা দেখেছি। খুব ভালো লেগেছে।’

মাধবকুণ্ডের দায়িত্বে থাকা পর্যটন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রণীত চাকমা বিকেলে প্রথম আলোকে বলেন, বন বিভাগের কাছে নির্দেশনা না আসায় ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। অনেক লোক ঘুরতে এসেছেন। তাঁদের গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।