নির্ধারিত জায়গায় পশু কোরবানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে পশু কোরবানির জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হলেও তাতে সাড়া মেলেনি। ছবিটি রাজধানীর শান্তিনগর থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে পশু কোরবানির জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হলেও তাতে সাড়া মেলেনি। ছবিটি রাজধানীর শান্তিনগর থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয়বারের মতো ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে পশু কোরবানির জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে আজ নির্ধারিত এসব স্থানের মধ্যে হাতে গোনা কয়েকটি জায়গায় পশু কোরবানি হয়েছে। কিছু কিছু নির্ধারিত স্থান ছিল, যেখানে একটি পশুও জবাই হয়নি। লোকজন আগের মতোই বাসার গ্যারেজ, খালি জায়গা, রাস্তা ও গলিতে পশু কোরবানি দিয়েছেন।

আজ সকাল থেকে ঢাকায় শুরু হওয়া মুষলধারে বৃষ্টি ও দূরত্বকেই কোরবানির নির্ধারিত জায়গায় না যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয়রা। তবে চট্টগ্রামে গত বছরের তুলনায় নির্ধারিত স্থানে পশু কোরবানির বেশি হয়েছে বলে দাবি করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিবেশগত বিপর্যয় ঠেকাতে সিটি করপোরেশনের পক্ষ থেকে এসব স্থান নির্ধারণ করে দিয়েছিল। বর্জ্য অপসারণের সুবিধার্থে ২০১৫ সালে প্রথমবারের মতো পশু জবাইয়ের জন্য এলাকাভিত্তিক স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। গত বছরও নির্ধারিত এসব স্থানে পশু কোরবানি হয়েছে খুবই কম।

মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল সোমবার রাত থেকে সারা দেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকেই বৃষ্টির দাপট আরও বেড়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের রিয়াজউদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠ পশু জবাইয়ের নির্ধারিত স্থান ছিল। দেখা যায়, মাঠে শামিয়ানা টাঙানো থাকলেও সেখানে কোনো পশু জবাই হয়নি। অথচ বিদ্যালয়ে ঢোকার প্রবেশমুখের পাশের সড়কেই তিন-চারটি পশু জবাই হয়েছে।

সায়েন্স ল্যাব বাটা সিগন্যালে প্রিন্স টাওয়ারের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত জায়গায় গিয়ে দেখা যায়, কয়েকটি পশু কোরবানি হয়েছে। তবে এর চারপাশের বাসা, সড়ক ও মার্কেটের সামনে এর তুলনায় বেশি পশু কোরবানি হয়েছে।

দক্ষিণ বনশ্রী এলাকায় দেখা যায়, রাস্তায় কোরবানির পশু জবাই ও চামড়া ছাড়ানোর কাজ চলছে। নির্ধারিত স্থানে বৃষ্টির পানি জমে যাওয়ায় সেখানে কোনো পশু কোরবানি হয়নি।

সেখানকার বাসিন্দা এনামুল হক প্রথম আলোকে বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় বাসা থেকেই বের হওয়া যাচ্ছে না। নির্ধারিত স্থানে তাই যাওয়া হয়নি। তবে কোরবানির পশুর রক্ত পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে।

চট্টগ্রাম: কোরবানির পশু জবাইয়ের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ৩৬০টি স্থান নির্ধারণ করে সেসব জায়গার বেশির ভাগই খালি পড়েছিল। বেশির ভাগ মানুষ কোরবানির পশু জবাই করেছে সড়ক, অলিগলি এবং বাড়ির আঙিনায়। এর ফলে আবর্জনা সংগ্রহ এবং পরিচ্ছন্নতা কাজে বেগ পেতে হচ্ছে কর্মীদের।

করপোরেশন সূত্রে জানা গেছে, দু-একটি ছাড়া নির্ধারিত স্থানে পশু জবাই কার্যত হয়নি বললেই চলে। তবে করপোরেশন থেকে ১০ থেকে ২০ শতাংশ নির্ধারিত স্থানে পশু জবাই হয়েছে বলে দাবি করা হয়।

কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ করে দেয় চট্টগ্রাম সিটি করপোরেশন। তবে কেউ তা মানেনি। যার যেখানে ইচ্ছা সেখানেই জবাই করেছে কোরবানির পশু। ফলে পশু জবাইয়ের নির্ধারিত স্থান ফাঁকাই ছিল। ছবিটি আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের জামালখান এলাকার শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউট থেকে তোলা। ছবি: জুয়েল শীল
কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ করে দেয় চট্টগ্রাম সিটি করপোরেশন। তবে কেউ তা মানেনি। যার যেখানে ইচ্ছা সেখানেই জবাই করেছে কোরবানির পশু। ফলে পশু জবাইয়ের নির্ধারিত স্থান ফাঁকাই ছিল। ছবিটি আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের জামালখান এলাকার শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউট থেকে তোলা। ছবি: জুয়েল শীল

সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনা কমিটিসংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মানুষ সচেতন হলে এটা সম্ভব হবে। তবে আমরা আশাবাদী, আস্তে আস্তে ভবিষ্যতে এই প্রবণতা বাড়বে। এবার ১০ থেকে ২০ শতাংশ স্থানে কার্যকর হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পেয়েছি।’

নগরের ২১ নম্বর জামালখান ওয়ার্ডে পশু জবাইয়ের নির্ধারিত স্থান ছিল সাতটি। কিন্তু লোকপ্রশাসন কেন্দ্র মাঠ, শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট মাঠ, ন্যাশনাল প্রাইমারি স্কুল মাঠসহ কোথাও পশু জবাই হতে দেখা যায়নি। এই ওয়ার্ডের শতদল ক্লাবের মাঠও পশু জবাইয়ের জন্য নির্ধারিত ছিল। মাঠে না হলেও মাঠের আশপাশের সড়কে পশু জবাই করা হয়েছে কয়েকটি।

একইভাবে নগরের উত্তর কাট্টলী ওয়ার্ডের ১১টি স্থানে পশু জবাইয়ের নির্ধারিত স্থান ছিল। কিন্তু কয়েকটি স্থান ঘুরে পশু জবাইয়ের চিত্র দেখা যায়নি। তবে নগরের ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের পূর্বনির্ধারিত স্থান ফিরিঙ্গি বাজার কসাইখানাতে বেশ কিছু পশু কোরবানি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্ধারিত স্থানে পশু জবাইয়ের জন্য সিটি করপোরেশন আগে থেকে প্রতিটি ওয়ার্ডে মাইকিং, প্রচারপত্র বিতরণ এবং ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে প্রচারণা চালিয়েছে।