নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কারকাজের জন্য যান চলাচল বন্ধ রয়েছে। তার ওপর ধুলায় ধূসর থাকে সড়কগুলো সব সময়। গত রোববার বেলা সাড়ে ১১টায় পোর্ট কানেকটিং (পিসি) রোডের বন্দর কলোনি এলাকায়।  সৌরভ দাশ
সংস্কারকাজের জন্য যান চলাচল বন্ধ রয়েছে। তার ওপর ধুলায় ধূসর থাকে সড়কগুলো সব সময়। গত রোববার বেলা সাড়ে ১১টায় পোর্ট কানেকটিং (পিসি) রোডের বন্দর কলোনি এলাকায়। সৌরভ দাশ

ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে একাধিকবার তাগাদা, মেয়রের বারবার পরিদর্শন ও এলাকাবাসীর ক্ষোভের পরেও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এক্সেস ও পোর্ট কানেকটিং (পিসি) রোডের নির্মাণকাজ। আগামী সেপ্টেম্বরের আগে উন্নয়নকাজ শেষ হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ জনগণের দুর্ভোগ আরও ছয় মাস থাকবে।
আগামী ১৩ মে দুটি সড়কের উন্নয়নকাজ শেষ হওয়ার কথা ছিল। ২০১৭ সালের ২০ নভেম্বর এসব কাজের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
জাপানের দাতা সংস্থা জাইকার অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘সিটি গভর্নেন্স প্রকল্পের’ আওতায় প্রায় দেড় শ কোটি টাকা ব্যয়ে এই দুটি সড়কের উন্নয়নকাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
সময়ের তুলনায় কাজের অগ্রগতি কম হওয়ার দায় এলজিইডি, চট্টগ্রাম সিটি করপোরেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠান কেউ নিচ্ছে না। তারা পরস্পরকে দায়ী করে দায় সারছে। প্রকল্প-সংক্রান্ত নথিপত্র অনুযায়ী, নির্মাণকাজে দেরি হওয়ার জন্য তাদের সবার দায় আছে।
প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলে নির্মাণকাজ শেষ না হওয়ার জন্য একাধিক কারণ পাওয়া গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ছাড়া অন্য কারণগুলো হচ্ছে এলজিইডি থেকে দেরিতে অনুমোদন পাওয়া, প্রথমে ভুল নকশা প্রণয়ন, ভূমি অধিগ্রহণ জটিলতা, পানির পাইপ স্থাপনে ওয়াসার রাস্তা কাটাকাটি, পানি ও গ্যাস পাইপ এবং টিঅ্যান্ডটির তার অপসারণে বিলম্ব হয়। এ ছাড়া বর্ষা মৌসুমে বৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবেছিল।

দায় এলজিইডি, করপোরেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের
প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকে এলজিইডি, সিটি করপোরেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠান একে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। প্রকল্পের মেয়াদ দুই মাস বাকি থাকলেও ইতিমধ্যে কাজ হয়েছে ৬০ শতাংশ। অথচ এই সময়ে অন্তত ৮০ শতাংশ কাজ হওয়ার দরকার ছিল বলে জানান প্রকৌশলীরা। গত আড়াই মাসে অন্তত তিনবার সড়কগুলো পরিদর্শন করে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দিয়েছেন তিনি।
গত বছরের ১৭ এপ্রিল এক চিঠিতে প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম উন্নয়নকাজের ধীরগতিতে হতাশা প্রকাশ করেন। ওই চিঠিতে তিনি বলেন, কাজের অগ্রগতি কম হওয়ার জন্য প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়নে ব্যর্থতা দায়ী।
প্রকল্প ব্যবস্থাপনার ব্যর্থতার দায় সিটি করপোরেশনের ওপর চাপানোকে হতাশাজনক উল্লেখ করে চিঠি দেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, এলজিইডি থেকে নয় মাস পর প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে। ফলে কাজ বাস্তবায়নে চাহিদার তুলনায় কম সময় পেয়েছে করপোরেশন।
এদিকে, সময়ের তুলনায় পিসি রোডের কাজের অগ্রগতি কম হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রানা বিল্ডার্স লিমিটেড-সালেহ আহমেদকে (জেভি) ব্যাখ্যা দিতে বলেছে সিটি করপোরেশন। ৭ মার্চ দেওয়া নোটিশে বলা হয়, প্রতিষ্ঠানটি কার্যাদেশ অনুযায়ী কাজের অগ্রগতি করতে ব্যর্থ হয়েছে। যথাযথ অগ্রগতি না হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
অন্যদিকে আগ্রাবাদ এক্সেস রোডের ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স অ্যান্ড রয়েল অ্যাসোসিয়েটস গত ১৪ জানুয়ারি উল্টো সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে। তারা আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে বলে করপোরেশনের প্রকৌশলীরা জানান।
এই প্রসঙ্গে এম এম বিল্ডার্স অ্যান্ড রয়েল অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী মোহাম্মদ দিদারুল আলম দাবি করেছেন, উন্নয়নকাজের জন্য মানুষ কষ্ট পাচ্ছে। তাই দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন তাঁরা। কিন্তু কাজের পরিমাণ বৃদ্ধি এবং নকশা পরিবর্তন হওয়ায় সময় বেশি লাগছে।
উন্নয়নকাজে ধীরগতিতে নিজেদের দায় অস্বীকার করে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব দাশ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সময় বাড়ানোর আবেদন করলেও তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে কাজের যে অগ্রগতি তাতে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে না।

ধুলায় ধূসর সড়ক
গত রোববার সরেজমিনে দেখা যায়, আগ্রাবাদ এক্সেস রোডের বিভিন্ন অংশ উঁচু করার কাজ প্রায় শেষ পর্যায়ে। নালার নির্মাণকাজ চলছে। কিন্তু উঁচু করা সড়ক থেকে সমানে ধুলাবালু উড়ছে। সড়কের এই বেহাল অবস্থার কারণে আশপাশের অনেকেই বাসা ও দোকান পরিবর্তন করে অন্যত্র চলে গেছেন। বিভিন্ন ভবনের সামনে ঝুলছে বাসা, দোকান ও অফিস ভাড়া দেওয়ার বিজ্ঞপ্তি। আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতি কী হতে পারে নিয়ে এখন থেকে আশঙ্কায় আছেন স্থানীয় বাসিন্দারা।
আগ্রাবাদের হাজীপাড়া এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রমজান আলী প্রথম আলোকে বলেন, আগে খানাখন্দ আর জলাবদ্ধতার যন্ত্রণা ছিল। এখন শুরু হয়েছে ধুলার যন্ত্রণা। ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকমতো কাজ করলে এই দুর্ভোগ থাকত না। একই অভিযোগ করেছেন আসবাবসামগ্রী প্রতিষ্ঠানের কর্মকর্তা সরওয়ার আলম।
নগরের নিমতলা থেকে হালিশহরের বড়পুল পর্যন্ত পিসি রোডের এক পাশ বন্ধ রয়েছে। অন্য পাশে খানাখন্দে ভরা। বন্দর থেকে আসা পণ্যবাহী, যাত্রীবাহী গাড়িগুলো চলাচল করছে ঝুঁকি নিয়ে।
চট্টগ্রাম বন্দর কলোনির সামনে তিন গাড়িচালক মোহাম্মদ বেলাল, মোহাম্মদ হৃদয় ও আব্বাস হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাঙা রাস্তার কারণে ১০-১৫ মিনিটের পথ পাড়ি দিতে এক-দেড় ঘণ্টা সময় লেগে যায়। মানুষ কষ্ট পেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বিকার। গতবার বৃষ্টির সময় সৃষ্ট খানাখন্দগুলো এখনো আছে। এগুলো ভরাট করা না হলে আবার প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
২০১৭ সালের ১৩ আগস্ট নগরের নিমতলায় পিসি রোডের গর্তে পড়ে উল্টে যাওয়া কনটেইনারবাহী গাড়ির চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ তিনজন নিহত হন।
নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রামের সভাপতি ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। তিনি বলেন, নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করলে শাস্তির বিধান থাকলেও বাস্তবে তার কোনো উদাহরণ পাওয়া যায় না। নাগরিকদের দুর্ভোগ কমানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনো আন্তরিকতা দেখা যায় না। এটা দুর্ভাগ্যজনক।