নির্ধারিত সময়ে সাক্ষীদের হাজির করতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষীদের আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজের সম্মেলনকক্ষে ‘পুরাতন ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তি: প্রতিবন্ধকতা ও নিরসনের উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। জেলা ও দায়রা জজ আদালত থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় জেলা ও দায়রা জজ বলেন, সাক্ষী হাজির করতে ব্যর্থ হলে কেন হাজির করা গেল না, সে বিষয়ে সংশ্লিষ্ট পুলিশকে প্রতিবেদন দিতে হবে। একটি আদালতের বেঞ্চ সহকারীকে, আরেকটি সরকারি কৌঁসুলির কার্যালয়ে, অপরটি কোর্ট পরিদর্শককে পাঠাতে হবে।
জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত এবং যুগ্ম জেলা ও দায়রা জজগণ, চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান, চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান, সহকারী পুলিশ সুপারগণ, জেলার ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ও জেলার বিভিন্ন আদালতের বেঞ্চ সহকারীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভাটি পরিচালনা করেন সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা।