নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাতকানিয়ার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তসলিমা আকতার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী তসলিমা আকতার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘তসলিমা আবছার’ নামের প্রোফাইল থেকে স্ট্যাটাস দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

তসলিমা উপজেলার নলুয়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছিলেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের মহিলাবিষয়ক সম্পাদকও। সম্প্রতি বিদ্রোহী প্রার্থী হওয়ায় তসলিমাসহ ১৭ জনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। গত নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর স্বামী অধ্যাপক নুরুল আবছার নলুয়া ইউপির চেয়ারম্যান থাকাকালে ২০১১ সালের ২৫ ডিসেম্বর রাতে দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর উপনির্বাচনেও তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে জানতে চাইলে তসলিমা আকতার প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ইউপি নির্বাচনে আমাকে ডেকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছিলেন। এবারও আমি নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলাম। কিন্তু মনোনয়ন না পেলেও আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। পরে ভেবেচিন্তে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।’

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলে শুনেছি। তিনি যেহেতু ঠিক সময়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তাই ওই প্রার্থীর প্রতীক ব্যালট পেপারে থাকবে। তবে এতে কোনো সমস্যা হবে না।’