নির্বাচনবিধি অমান্য, কালকিনী পৌরসভার প্রকৌশলী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুৎফর রহমান
সংগৃহীত

চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে প্রার্থীর পোলিং এজেন্ট হওয়া, কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ এবং জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে মাদারীপুরের কালকিনি পৌরসভার উপসহকারী প্রকৌশলী লুৎফর রহমানকে (৪০) চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার স্থানীয় সরকার বিভাগের (পৌর-১) উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক ‘অফিস আদেশ’-এ এই নির্দেশনা দেওয়া হয়েছে।

লুৎফর রহমান চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের আবদুর রউফ শেখের ছেলে। তিনি ১০ অক্টোবর উপজেলা পরিষদের নির্বাচনে গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী কাউসার হোসেনের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন। ওই সময় তিনি জাল ভোট দেওয়ার চেষ্টা করেন এবং কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল আমীনের সঙ্গে অসদাচরণ করেন। পরে তাঁকে আটক করা হয়। কাউসার হোসেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরীর (নিক্সন) সমর্থক হিসেবে পরিচিত। লুৎফর রহমানকে আটক করা হলে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল আমীন ও চরভদ্রাসনের ইউএনও জেসমিন সুলতানাকে ফোন করে সাংসদ নিক্সন চৌধুরী গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে।

ওই প্রকৌশলীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে চিঠি দেন মুহাম্মদ আল আমীন। জেলা প্রশাসক গত মঙ্গলবার অভিযোগটি স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে দেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার স্থানীয় সরকার বিভাগের (পৌর-১) উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ‘কালকিনি মেয়রের বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করে, নির্বাচন–সংক্রান্ত বিধিবিধান অমান্য করে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করা, জাল ভোট দেওয়ার চেষ্টা এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ করায় পৌরসভার কর্মচারী চাকরি বিধিমালা ১৯৯২–এর বিধি ৪০(ক) ও (ক) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করায় আপনাকে (লুৎফর রহমান) স্থায়ী পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’