দেশের উত্তরাঞ্চলেই শীতের প্রভাব প্রথম ও প্রবলভাবে অনুভূত হয়। গত সপ্তাহ খানেক যমুনাপারের জেলা সিরাজগঞ্জ ঘুরে দেখা গেল, গরম কাপড় এখনো গায়ে ওঠেনি কারও। তবে শীতের হাওয়া বইতে শুরু না করলেও ভোটের হাওয়া বেশ জোরেশোরেই বইছে জেলা সদর থেকে প্রত্যন্ত গ্রামে।
‘জনগণের সেবার সুযোগ’ চেয়ে ইতিমধ্যে পোস্টার সাঁটানো, দেয়াললিখন শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। স্থানীয় সরকারের কয়েকটি পদে নির্বাচন হবে দলীয় প্রতীকে। সে কারণে সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ এক ধাপ এগিয়ে দলের প্রতীক-সংবলিত বহুরঙা পোস্টারও সাঁটিয়েছেন, ঝুলিয়ে দিয়েছেন ডিজিটাল প্রিন্ট। এই অগ্রগামীদের পোস্টার সব উপজেলাতে সাঁটানো হলেও বেশি দেখা গেছে শাহজাদপুর ও উল্লাপাড়ায়। এঁরা সবাই ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থী। ভোট চাইছেন নৌকা মার্কায়। এমনই একজন শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাসিবুল হক। তিনি গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত সোমবার প্রথম আলোকে বলেন, দলের কাছে মনোনয়ন চাইবেন। আর মনোনয়ন পেলে যেহেতু প্রতীক হবে নৌকা, এই সরল সূত্রে পোস্টারে দলের প্রতীক ব্যবহার করেছেন।
নির্বাচনী বিধিমালায় রঙিন পোস্টার ছাপার নিয়ম নেই। কিন্তু যেহেতু এখনো নির্বাচনী তফসিল ঘোষণা হয়নি, এই যুক্তিতে পোস্টারে রঙের ছড়াছড়ি। সম্ভাব্য প্রার্থীরা ঘরবাড়ির দেয়াল, অফিসের সীমানাপ্রাচীর, সড়কের দুই পাশের গাছের কাণ্ড, চায়ের দোকানের অভ্যন্তর নানা মাপের বহুরঙা পোস্টারে রাঙিয়ে দিয়েছেন। উল্লাপাড়া ও কাজীপুরে চোখে পড়ল ভোট চেয়ে দেয়াললিখন। কাজীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী গোলাম মোস্তফা তালুকদারের সঙ্গে দেখা হলো এক রেস্তোরাঁয়। কয়েক সঙ্গীকে নিয়ে খেতে এসেছেন। তিনি জানালেন, আপাতত দেয়াললিখন ও ব্যক্তিগত কুশলাদি বিনিময় দিয়ে প্রচারাভিযানের প্রারম্ভিক পর্ব শুরু করেছেন। পোস্টার পরে করবেন বলে ভেবেছিলেন। তবে অন্যরা যেভাবে দ্রুত মাঠে নামছেন, তাতে শিগগিরই তাঁকেও ছাপাখানায় ছুটতে হবে বলে জানালেন।
ভোট কবে হবে তা এখনো স্থির হয়নি। যবে হয় হবে, কিন্তু প্রস্তুতি পর্বে পিছিয়ে থাকতে রাজি নন প্রার্থীরা। বিশেষ করে ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থীদের প্রচারণার বহর দেখে তা-ই মনে হলো। তাঁদের তুলনায় বেকায়দায় থাকা বিএনপি ও জামায়াতের প্রার্থীদের দলীয় প্রতীক-সংবলিত পোস্টার চোখে পড়েনি। জেলা বিএনপির প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ জানালেন, কেন্দ্র থেকে কোনো নির্দেশ আসেনি। তবে দলের জেলা সভাপতির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। দলের জেলা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোকামে আলীকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রেলে অগ্নিসংযোগের মামলা আছে। আরও অনেক নেতা-কর্মীর নামে মামলা আছে। অনেকে পলাতক। সে কারণে তাঁরা আপাতত পোস্টার বা দেয়াললিখনে যাচ্ছেন না। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারাও প্রাথমিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দলীয় প্রতীকে নির্বাচন হলে প্রার্থীদের কারা মনোনয়ন দেবেন, কী প্রক্রিয়ায় মনোনয়ন দেওয়া হবে, তা এখনো জেলা নেতাদের কাছে স্পষ্ট নয়। তবে ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে নির্বাচনের জন্য মনোনয়ন চেয়ে লিখিত আবেদন জমা পড়তে শুরু করেছে ক্ষমতাসীন দলের জেলা নেতাদের কাছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এম গোলাম কিবরিয়া জানালেন, তাঁদের কাছে কেন্দ্র থেকে কোনো দিকনির্দেশনা আসেনি। তবে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে আগ্রহী নেতা-কর্মীরা দলীয় মনোনয়নের প্রক্রিয়া জানতে উদ্গ্রীব হয়ে আছেন। অনেকে যেমন দলের প্রতীক দিয়ে আগাম পোস্টার ছেপেছেন, তেমনি মনোনয়নের জন্য লিখিত আবেদনও করেছেন। এ পর্যন্ত ১০টি লিখিত আবেদন তাঁদের কাছে জমা পড়েছে। মৌখিক আবেদন করেছেন প্রায় ৩০ জন।
সিরাজগঞ্জের নয়টি উপজেলায়—সদর, শাহজাদপুর, উল্লাপাড়া, বেলকুচি, রায়গঞ্জ ও কাজীপুর এই ছয়টি পৌরসভা। মোট ইউনিয়নের সংখ্যা ৮৩। স্থানীয় সরকারের নির্বাচন বরাবরই দেশের প্রান্তিক জনপদে এক উৎসবের আমেজ বয়ে আনে। আর শীত তো উৎসবেরই মৌসুম। কাজেই দিনে দিনে শীত যত বাড়বে, নির্বাচনী উৎসবও ততই জমে উঠবে বলে আপাতত মনে হলো সিরাজগঞ্জের পরিবেশ দেখে।
ছয় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী: মেয়র পদে মনোনয়নের জন্য আপাতত দলের নিজেদের নেতাদের মধ্যেই বেশ প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
সিরাজগঞ্জ সদর: আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন জেলা চেম্বারের সাবেক সভাপতি ও দলের জেলা কমিটির সদস্য সৈয়দ আবদুর রউফ, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, পৌর সভাপতি ইসাহাক আলী এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভারপ্রাপ্ত মেয়র সেলিম আহমেদ।
বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, রাশেদুল হাসান, মুনশি কামাল উদ্দীন, সহসাংগঠনিক সম্পাদক নুর কায়েম, আবু সাঈদ, নাজমুল হাসান তালুকদার, টি আর এম নূর-ই-আলম, মঞ্জুর হাসান মাহমুদ।
শাহজাদপুর: আওয়ামী লীগের প্রার্থী সাবেক পৌর মেয়র হালিমুল হক, দলের পৌর সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং হায়দার আলী, মনির আক্তার খান ও রবিন আকন্দ।
বিএনপির প্রার্থীরা হলেন বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, জয়নাল আবেদিন, শামীম আহমেদ, ফারুক হোসেন, কে এম হাসিবুল ইসলাম।
উল্লাপাড়া: আওয়ামী লীগের প্রার্থীরা হলেন দলের পৌর সভাপতি আহসান আলী সরকার, সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবলী ইসলাম কবিতা এবং ফয়সাল কাদির, আমিরুল ইসলাম ও জাহিদুল ইসলাম।
বিএনপির প্রার্থী বর্তমান মেয়র ও দলের পৌর সভাপতি বেল্লাল হোসেন, উপজেলা সহসভাপতি জাহিদুল ইসলাম, পৌর সম্পাদক অবদুল হাকিম ও উপজেলা সম্পাদক আজাদুর রহমান আজাদ।
বেলকুচি: আওয়ামী লীগের প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের স্ত্রী বেগম আশানুর বিশ্বাস, উপজেলা যুগ্ম সম্পাদক আতাউর রহমান এবং মীর সিরাজুল ইসলাম, আব্দুল মতিন প্রামাণিক, আবদুর রশিদ মাস্টার, আফজাল হোসেন ও আবদুর রাজ্জাক সরকার।
বিএনপির প্রার্থীদের মধ্যে আছেন দলের উপজেলার সাবেক সভাপতি জামাল উদ্দীন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক মণ্ডল এবং আলতাফ হোসেন ও হেলাল উদ্দীন। জামায়াতে ইসলামীর পৌর নায়েব আব্দুল মান্নান।
রায়গঞ্জ: আওয়ামী লীগের প্রার্থী হতে চান দলের উপজেলা মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আকসারুল আলম, পৌর সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ আকন্দ, উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল পাঠান, সাবেক উপজেলা সভাপতি হানিফ উদ্দীন সরকার এবং আব্দুল কাইয়ূম তালুকদার ও সামসুল আলম।
বিএনপির সম্ভাব্য প্রার্থী দলের সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক নূর সাঈদ সরকার ও বর্তমান মেয়র মোশারফ হোসেন আকন্দ।
কাজীপুর: আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী সাবেক মেয়র ও দলের উপজেলা সহসভাপতি গোলাম মোস্তফা তালুকদার, উপজেলা সহসভাপতি নিজাম উদ্দীন সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার।
বিএনপির প্রার্থী আপাতত একজন। তিনি বর্তমান মেয়র ও দলের পৌর সভাপতি আব্দুস সালাম। এ ছাড়া মো. আল আমিন শেখ লড়বেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।