নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগে বিএনপির চার নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল কবির চৌধুরীর নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগে বিএনপির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া চার ব্যক্তি হলেন পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শিহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নওশাদ আলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল কাদের, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ জেড এম মিজান ও বিএনপির কর্মী খোকন সরদার।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হরিরামপুর এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল কবির চৌধুরীর নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতেই আওয়ামী লীগের প্রার্থী রেজাউল কবির চৌধুরী থানায় মামলা করেন। ওই মামলায় বিএনপির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই চারজনকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিএনপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আগামীকাল শনিবার নজিপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে সাজানো মামলায় বিএনপির ওই চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগের লোকজনই তাঁদের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে আমার কর্মীদের ওপর দায় চাপাচ্ছে।’