নির্বাচনী প্রচারণায় অস্ত্র উঁচিয়ে মহড়া, বিএনপি নেতা আটক
বরগুনার পাথরঘাটায় নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেলে চড়ে অস্ত্র উঁচিয়ে মহড়ার সময় কাকচিড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজিম হোসেনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকা থেকে ৫টি গুলি, অস্ত্রসহ ওই নেতাকে আটক করা হয়। আজিম হোসেনের দাবি, শটগানটি তাঁর বৈধ অস্ত্র।
আজিম হোসেন কাকচিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও কাকচিড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা শাহজাহান পাহলানের কর্মী-সমর্থক বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
আজিম হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের গুদিঘাটা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। তাঁর ছোট বোন লাভলী ইসলাম ইউপি নির্বাচনে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্বাচনের দিন থেকে নির্বাচনের আগে সাত দিন ও পরে পাঁচ দিন অর্থাৎ নির্বাচনের আগে ও পরে মোট ১৩ দিন নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র নিয়ে চলাচল, বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। লাইসেন্সধারী ব্যক্তিদের এ আদেশ মেনে চলতে বলা হয়েছে। ওই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জনসমাগম স্থলে অস্ত্র উঁচিয়ে মহড়া দেওয়ার সময় অস্ত্র, গুলিসহ আজিম হোসেনকে আটক করা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তাঁর অস্ত্রটি লাইসেন্সকৃত বৈধ অস্ত্র।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী একাধিক পুলিশ কর্মকর্তা ও স্থানীয় লোকজন প্রথম আলোকে বলেন, অস্ত্র উঁচিয়ে মহড়ার সময় ফকিরহাটে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন পল্টুর নির্ধারিত পথসভা ছিল। পথসভা শেষে নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ফকিরহাট থেকে কাটাখালী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলের মহড়া নিয়ে প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাজাহান পহলানের সমর্থকেরা মিছিল নিয়ে আসেন। এ সময় ঘোড়া প্রতীকের ওই মিছিলের মধ্যে অস্ত্র উঁচিয়ে মহড়া দেন বিএনপির নেতা আজিম হোসেন। ঘটনাটা দেখতে পেয়ে দ্রুত পুলিশ তাঁকে অস্ত্রসহ আটক করে।
আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন পল্টু অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাজাহান পাহলান কাকচিড়া বিএনপির উপদেষ্টা কমিটির ২ নম্বর সদস্য। কিন্তু তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাসহ বিএনপি নেতাদের নিয়ে নৌকার প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এঁদের সঙ্গে প্রকাশ্যে অস্ত্র নিয়ে যোগ দিয়েছেন বিএনপির নেতা আজিম হোসেন। আলাউদ্দিন বলেন, ‘আমাকে হত্যা করে কাকচিড়া নির্বাচনকে বানচাল করার চেষ্টায় রয়েছেন বিএনপির ওই নেতাসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকেরা। আল্লাহর রহমতে স্থানীয় জনগণসহ পুলিশের সহযোগিতায় আজ আমি রক্ষা পেয়েছি।’
অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান পহলান বলেন, ‘আজিম আমাদের কোনো কর্মী বা সমর্থক নন। এমনকি তিনি আমাদের বহরের সঙ্গেও ছিলেন না। আমাদের বিরুদ্ধে প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ রটাচ্ছেন।’
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল হোসেন সরকার বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, আজিম হোসেন নিজের লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে নির্বাচনী মাঠে ঘোরাঘুরি করার সময় তাঁকে আটক করা হয়। যেহেতু নির্বাচনী আচরণবিধিতে বৈধ অস্ত্র নিয়েও চলাচল বা প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ, তাই এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।