নির্বাচনী সহিংসতার মামলায় ভুয়া সাক্ষ্য জুড়ে অভিযোগপত্র!
দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন যশোর-৫ (মনিরামপুর) আসনের একটি ভোটকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় করা একটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তবে অভিযোগ পাওয়া গেছে, মামলায় তদন্ত ছাড়াই ভুয়া সাক্ষ্য জুড়ে ছয়জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আছেন, যিনি ওই দিন ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরে অপর একটি ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। আর নয়জন সাক্ষীর পাঁচজনই তদন্ত ও অভিযোগপত্রের বিষয়ে কিছু জানেন না। তাঁরা কোনো মামলায় কারও কাছে সাক্ষ্য দেননি বলে জানিয়েছেন।
গত ৫ জানুয়ারির নির্বাচনের দিন ভোট গ্রহণ চলাকালে মনিরামপুরের নাদরা কালারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ ঘটনায় পরের দিন ৬ জানুয়ারি অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করে মনিরামপুর থানায় মামলা করেছিলেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ কে এম আকবর আলী। মামলার ছয় মাস পর গত ৩০ জুন জেলা ও দায়রা জজ এবং মুখ্য বিচারিক হাকিমের আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শংকর চন্দ্র মাতুব্বর। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন ইত্যা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম এবং স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান, নাসির উদ্দীন, ইদ্রিস আলী, আলতাফ ও হায়দার। তাঁদের মধ্যে রেজাউল করিম নির্বাচনের দিন ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরে আহম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। ছয় আসামির মধ্যে মেহেদীকে গ্রেপ্তার ও অন্যদের পলাতক হিসেবে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা নিজে, প্রিসাইডিং কর্মকর্তা আকবর আলী, মনিরামপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন, যশোর পুলিশ লাইনে কর্মরত নায়েক মো. হাফিজুর রহমান ও স্থানীয় বাসিন্দা পাঁচজনকে সাক্ষী দেখানো হয়েছে। আর অভিযোগপত্রের সঙ্গে পুলিশের নায়েক হাফিজুর রহমান ও স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান, মো. সৈয়দ আহম্মেদ, মকবুল হোসেন খাঁ ও মো. সাঈদ গাজীর লিখিত সাক্ষ্যের নথি সংযুক্ত করা হয়েছে।
তবে এই নয় সাক্ষীর পাঁচজনই তদন্ত ও অভিযোগপত্রের বিষয়ে কিছু জানেন না এবং তাঁরা কোনো মামলায় কারও কাছে সাক্ষ্য দেননি বলে এই প্রতিবেদককে জানান।
সাক্ষী জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘সংসদ নির্বাচনের সময় আমি ঘটনাস্থল মনিরামপুরেই ছিলাম না। এক বছর আট মাস ধরে আমি ঢাকায় অবস্থান করছি। তাই ভোটকেন্দ্রে কী হয়েছে, তা আমার জানার কথা নয়। কোথা থেকে, কীভাবে, আমাকে মামলার সাক্ষী করা হয়েছে তা আমার জানা নেই। আমি কারও কাছে কোনো সাক্ষ্য দিইনি।’
সাক্ষী মকবুল হোসেন খাঁ বলেন, ‘আমি কোনো মামলায় মৌখিক বা লিখিত কোনো ধরনের সাক্ষ্য দিইনি। আমাকে সাক্ষী করা হয়েছে কি না তা-ও জানি না।’
আরেক সাক্ষী সাঈদ গাজী বলেন, ‘গ্রামবাসীদের মধ্যে যে পাঁচজনকে মামলার চার্জশিটে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে, আমরা কেউ এ বিষয়ে কিছুই জানি না। পুলিশ ইচ্ছেমতো আমাদের নাম বসিয়ে দিয়েছে।’ সাক্ষী সৈয়দ আহম্মেদ ও সুজায়িত মোড়লও একই রকম কথা বলেছেন।
অভিযোগপত্রভুক্ত আসামি সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘আমি সারা দিন আহম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলাম। বিরতিহীনভাবে এখানে ভোট গ্রহণ চলে। এর মধ্যে ২০ কিলোমিটার দূরের আরেকটি কেন্দ্রে গিয়ে সহিংসতা চালানোর অভিযোগ আমার বিরুদ্ধে কীভাবে উঠতে পারে জানা নেই।’
জানতে চাইলে তদন্ত কর্মকর্তা শংকর চন্দ্র মাতুব্বর প্রথম আলোকে বলেন, ‘মামলার সাক্ষীরা যাঁদের নাম দিয়েছেন, তাঁদের আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। নিরপরাধ কারও নাম এলে আদালতে হাজির হয়ে তাঁকেই নির্দোষ প্রমাণ করতে হবে।’
অভিযোগপত্রের ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর থানার ওসি খবির আহমেদ বলেন, ‘তদন্তের ভিত্তিতেই অভিযোগপত্র দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। কে অভিযুক্ত আর কে সাক্ষ্য দেননি তা আদালতে প্রমাণিত হবে।’
৫ জানুয়ারির নির্বাচনের দিন মনিরামপুরে নির্বাচনী সহিংসতার ঘটনায় মোট ৬৬টি মামলা হয়। এর মধ্যে ৩০টি মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এতে প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।