নির্বাচনের বিরোধে দুই পক্ষের সংঘর্ষের সময় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ও বর্তমান সদস্যের বিরোধের জেরে আলেক মিয়া (৫৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত আটটার দিকে ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলেক মিয়া উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা ও সদ্য সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়ার অনুসারী। স্থানীয় কয়েকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচন ঘিরে মাসুদ মিয়ার সঙ্গে নবনির্বাচিত ইউপি সদস্য মহসিন মিয়ার নতুন করে বিরোধ তৈরি হয়। এর জেরে হত্যার ঘটনা ঘটেছে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রামের মসজিদের উদ্দেশে বাড়ি থেকে বের হন আলেক মিয়া। পথে দুই ইউপি সদস্যের পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নামাজ শেষে বাড়ি ফেরার পথে মহসিন মিয়ার পক্ষের লোকজন আলেক মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙে গুরুতর আহত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় রাত নয়টার দিকে আলেক মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আলেক মিয়ার ভাগনে বাহাউদ্দিন অভিযোগ করেন, ইউপি সদস্য মহসিন মিয়ার লোকজন মামাকে ধরে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। হাসপাতালে চিকিৎসক মামাকে মৃত ঘোষণা করলে গ্রামে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মণ জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। তাঁর দুই হাত ও একটি পা ভাঙা ছিল।

ঘটনার বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলে মাসুদ মিয়া ও মহসিন মিয়ার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। বাঞ্ছারামপুর থানার ওসি রাজু আহমেদ জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় দুপুর পর্যন্ত মামলা করা হয়নি।