নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে সিডিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এক নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয় সিডিএ।

সাময়িক বরখাস্ত হওয়া প্রকৌশলীর নাম মুহাম্মদ শাহাবুদ্দিন খালেদ। তিনি বর্তমানে শিক্ষা ছুটিতে অস্ট্রেলিয়ার দ্য ইউনিভার্সিটি অব নিউক্যাসলে অধ্যয়নরত। গত ১ আগস্ট এক বছরের শিক্ষা ছুটি নিয়ে তিনি সেখানে যান। এর আগে গত ২৭ জুলাই তিনি দায়িত্ব হস্তান্তর করেন। সাময়িক বরখাস্তের পাশাপাশি তাঁর শিক্ষা ছুটিও বাতিল করেছে সিডিএ।

সিডিএর সচিব তাহেরা ফেরদৌস বেগম গতকাল বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, প্রকৌশলী শাহাবুদ্দিন খালেদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিডিএকে গত মঙ্গলবার একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, তিনি সরকারবিরোধী কার্যক্রমে জড়িত থাকতে পারেন এবং ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনার আলোকে মঙ্গলবার তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে প্রকৌশলী শাহাবুদ্দিন খালেদের বক্তব্য জানা যায়নি। সিডিএর কাছে তাঁর কোনো মুঠোফোন নম্বরও পাওয়া যায়নি।

অবিলম্বে দেশে ফিরে আসার নির্দেশ দিয়ে প্রকৌশলী শাহাবুদ্দিন খালেদকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান সচিব তাহেরা ফেরদৌস বেগম। তিনি বলেন, ‘শাহাবুদ্দিন খালেদের ব্যাপারে বিভিন্ন সংস্থাকেও প্রতিবেদন দেওয়া হয়েছে। তারা বিষয়টি তদন্ত করবে।’

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, সিডিএর প্রকৌশলী শাহাবুদ্দিন খালেদের আচরণ প্রাথমিক তদন্তে পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়েছে।