নির্মাণসামগ্রীতে সড়ক দখল

কয়েক বছর ধরেই নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ইট, বালু ও রড স্তূপ করে ফেলে করা হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিশাল অংশ দখল করে বালু ফেলে চলছে কাজ। গত শুক্রবার সকালে ময়মনসিংহ নগরের চরপাড়ায়প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ নগরের ব্যস্ত সড়কগুলোতে দিনের বেশির ভাগ সময় ভবন নির্মাণসামগ্রী ফেলে রাখা হচ্ছে। এতে বিভিন্ন স্থানে সড়কের প্রায় অর্ধেক অংশ দখল হয়ে থাকছে। এতে ওইসব সড়কগুলোতে যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

ময়মনসিংহ নগরের বিভিন্ন এলাকায় বসবাস করা কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, কয়েক বছর ধরেই নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ইট, বালু ও রড পড়ে থাকতে দেখা যাচ্ছে। মাঝেমধ্যে বিভিন্ন সড়কে সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হচ্ছে। কিন্তু তাতে থামছে না নির্মাণসামগ্রী রেখে সড়ক দখল।

নাগরিকদের অভিযোগ, নির্মাণসামগ্রী রেখে সড়কের অংশ দখল করে রাখায় মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক সময় এতে ছোটখাটো দুর্ঘটনা ঘটে।

গতকাল শনিবার সকালে ময়মনসিংহ নগরে আকুয়া ফিরোজ লাইব্রেরি মোড়, ডন মোড়, চৌরঙ্গীর মোড় ও নতুন বাজার এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়ক ও ফুটপাতের ওপর বালু ও সুরকি ফেলে রেখে সড়কের প্রায় অর্ধেক অংশ দখল করে রাখা হয়েছে। বালু ছড়িয়ে পড়ছে সড়কজুড়ে। এসব নির্মাণসামগ্রীর কারণে ইজিবাইক ও মোটরসাইকেল ঝুঁকি নিয়ে চলাচল করছে। আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকায় হাসান মিয়া নামের একজন ইজিবাইক চালক বলেন, বছরের বেশির ভাগ সময়ই আকুয়ার সড়কে সুরকি ও বালু ফেলে রাখা হয়। ফলে সৃষ্টি হয় যানজট।

সড়কে নির্মাণসামগ্রী রাখা হলেও এসব সামগ্রীর মালিক কারা, তা জানা যায়নি। স্থানীয় ব্যক্তিরা জানান, শুকনা মৌসুমজুড়েই চলে নির্মাণের কাজ। ছোট ছোট সড়কের ভেতর বালুবাহী বড় গাড়ি প্রবেশের পথ না থাকায় সড়কের ওপর নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়। পরে সড়ক থেকে ভ্যানে করে নেওয়া হয়।

নতুন বাজার এলাকায় দেখা যায়, ফুটপাত দখল করে রাখা হয়েছে ইটের সুরকি ও বালু। এতে হেঁটে যাতায়াত করা মানুষ ভোগান্তিতে পড়েছেন। আনোয়ারা খাতুন নামের এক নারী পথচারী বলেন, ফুটপাতে ইটের সুরকি ও বালু থাকার কারণে হেঁটে চলাচল করা কঠিন হয়ে পড়ে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের ভাষ্য, নগরের বিভিন্ন এলাকার সড়কে নির্মাণসামগ্রী রাখার অভিযোগ আসে সিটি করপোরেশনে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রায়ই সিটি করাপোরেশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মামলা দেওয়া হচ্ছে এবং জরিমানা আদায় করা হচ্ছে। সর্বশেষ গত শুক্রবারও নগরের চরপাড়া এলাকায় ফুটপাত দখল করে সুরকি ও বালু রাখায় দুটি মামলা ও আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কিন্তু এরপর থামছে না এমন সড়ক দখল।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক দেশের বাইরে অবস্থান করায় তাঁর সঙ্গে এ ব্যাপারে কথা বলা সম্ভব হয়নি। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আসিফ হোসেন বলেন, ‘সড়কে নির্মাণসামগ্রী রাখায় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রায়ই অভিযান পরিচালনা করছেন। সড়কে নির্মাণসামগ্রী রাখেন, এমন নাগরিকদের আমরা বলি, তাঁরা যেন মানুষের ভোগান্তি সৃষ্টি না করেন। তারপরও কিছু কিছু সড়কে নির্মাণসামগ্রী রাখা হচ্ছে।’