নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধিতে অতিরিক্ত বরাদ্দ চান ঠিকাদারেরা
নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ঠিকাদারেরা অসহায় হয়ে পড়েছেন দাবি করে উন্নয়নকাজে বর্তমান বাজারদর অনুযায়ী অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছেন তাঁরা। আজ শনিবার দুপুরে রংপুর ঠিকাদার সমিতির আহ্বানে এক সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানানো হয়।
ঠিকাদার সমিতির কার্যালয়ে আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সদস্য সচিব রইস আহমেদ, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম, খায়রুল কবীর, মনজুর আহমেদ, শাহাদত হোসেন, আলী আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত কয়েক দিনের ব্যবধানে অস্বাভাবিক হারে রড, সিমেন্ট, ইট, বিটুমিন, পাথর, টাইলস, জিআই শিট, রং, থাই গ্লাসসহ অন্যান্য নির্মাণসামগ্রীর দাম ২০ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দাম বেড়ে যাওয়ায় উন্নয়নমূলক চলমান কাজ সম্পন্ন করা নিয়ে হিমশিম খাওয়ার অবস্থা ঠিকাদারদের।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রতিটি নির্মাণসামগ্রীর দাম যে হারে বেড়েছে, তাতে নির্মাণব্যয় দরপত্রের চুক্তিমূল্য থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই বর্তমান বাজারদর যাচাই করে দরপত্রে প্রাক্কলিত মূল্যের সঙ্গে সমতা ফেরাতে অতিরিক্ত অর্থ সংযোজন করার জন্য প্রতিটি দপ্তরকে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ঠিকাদারেরা। তা না হলে উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে না বলে তাঁদের ভাষ্য।