নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠিকাদারদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রড, সিমেন্ট, বিটুমিনসহ নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে নেত্রকোনায় ঠিকাদারদের বিক্ষোভ। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

রড, সিমেন্ট, বিটুমিনসহ সব প্রকার নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারি মূল্যতালিকা পরিবর্তনসহ ক্ষতিগ্রস্ত ঠিকাদারদের ক্ষতিপূরণের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাবের সামনের সড়কে জেলা ঠিকাদার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বিক্ষোভ হয়। বিক্ষোভ শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ঠিকাদারেরা।

সংগঠনের সভাপতি শেখ হেমায়েত আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ঠিকাদার আজাদুর রহমান, আজিজুল হক, নাজমুশ শাহাদৎ, জহিরুল কবির, আবদুল্লাহ আল বাসেত, সুজন ভূঁইয়া প্রমুখ। পরে বিক্ষোভ শেষে মৌন মিছিল বের করে শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়।

ঠিকাদারেরা বলেন, রড, সিমেন্ট, পাথর, বিটুমিনসহ সব প্রকার নির্মাণসামগ্রীর মূল্য হঠাৎ বৃদ্ধি করা হয়েছে। প্রতি টন রডের বর্তমান বাজার মূল্য ৯১ হাজার টাকা আর বিটুমিন প্রতি ড্রাম সাড়ে ১০ হাজার টাকা। অথচ একমাস আগেও প্রতি টন রডের দাম ছিল ৬৫ হাজার টাকা আর প্রতি ড্রাম বিটুমিনের দাম ছিল ৪ হাজার টাকা। গত এক মাসের ব্যবধানে প্রতি বস্তা সিমেন্টে ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া পাথর, টাইলস, ইলেকট্রনিক যন্ত্রাংশের দাম ২০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

ঠিকাদারেরা জানান, প্রকল্পের কাজে সরকারিভাবে রডের দাম প্রতি টন ৮২ হাজার টাকা ধরা হয়েছে। ভ্যাট ও শ্রমিক খরচ বাদ দিলে ৬০ হাজার টাকা রডের দাম ধরা। সে হিসাবে প্রতি টন রডে তাঁদের প্রায় ৩১ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। প্রায় সব উপকরণে একই অবস্থা। যেসব প্রকল্পের কাজ চলমান, মূল্যবৃদ্ধির ফলে তাঁরা সে কাজ নিয়ে সংকটে পড়েছেন। বিপুল পরিমাণ টাকা লোকসান গুনতে হচ্ছে। তাই নির্মাণসামগ্রীর দাম কমানোসহ চলমান প্রকল্পের বাজেট পুনর্নির্ধারণের দাবি জানান তাঁরা।