নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে শিক্ষার্থীসহ আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে ইট পড়ে বিদ্যালয়ের আঙিনায় দাঁড়িয়ে থাকা এক শিক্ষার্থী ও দুই অভিভাবক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের মুন্সেফপাড়ার ক্রিসেন্ট কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের অভিযোগ, অরক্ষিত অবস্থায় স্কুলের পাশে ভবনের নির্মাণকাজ চলছে।
আহত ব্যক্তিরা হলেন জেলা শহরের শেরপুর এলাকার বাসিন্দা সারোয়ার হাসানের স্ত্রী নাজিয়া করিম (৩৫) ও তাঁর মেয়ে স্কুলশিক্ষার্থী আয়েশা আঞ্জুম (৭) এবং মুন্সেফ পাড়ার বাসিন্দা নয়ন তারা (৩২)। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নাজিয়া মাথায় ও নয়ন তারা হাতে আঘাত পেয়েছেন।
স্থানীয় লোকজন, আহত ব্যক্তিদের পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় ক্রিসেন্ট কিন্ডারগার্টেন–সংলগ্ন ছয়তলা ভবনটির নির্মাণকাজ চলছে কয়েক মাস ধরে। হেভেন ওয়ার্ল্ড প্রপার্টিজ লিমিটেড কনসালট্যান্ট অ্যান্ড কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান ভবনটির কাজ করছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কিন্ডারগার্টেনটির আঙিনায় কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। সে সময় নির্মাণাধীন ওই ভবনের ওপর থেকে বেশ কয়েকটি ইট নিচে পড়ে। এতে তিনজন আহত হন। ঘটনার পর থেকে বহুতল ভবনের মালিকপক্ষ ও শ্রমিকেরা পলাতক।
আহত নাজিয়া বলেন, কিন্ডারগার্টেন বিদ্যালয়ের আঙিনায় কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ নিচে ইট পড়লে মাথায় আঘাত পান। এ সময় আরও দুজন ইটের আঘাত পেয়েছেন বলে দেখেছেন তিনি।
মুন্সেফ পাড়া এলাকার একাধিক অভিভাবক অভিযোগ করেন, সন্তানদের আনা-নেওয়ার সময় অভিভাবকেরা বিদ্যালয়ের আঙিনায় বা পাশে অপেক্ষা করেন। বিদ্যালয়ের পাশে নির্মাণাধীন ভবন থেকে নিয়মিত ময়লা–আবর্জনাও ফেলা হয়। এসব বিষয়ে একাধিকবার বলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এখানে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত। বহুতল ভবনমালিকদের আরও বেশি নিরাপত্তাব্যবস্থা নেওয়া উচিত।
ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার বলেন, ভবনের নির্মাণকাজ শুরুর করার পর ভালো করে নিরাপত্তাছাউনি দেওয়ার জন্য মালিকপক্ষকে বলা হয়েছে। কিন্তু তাঁরা এ কাজটি করেনি। তাই এ দুর্ঘটনা ঘটেছে।
ভবনের তিনজন মালিকের একজন আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, চারদিকে ৮ ফুট নিরাপত্তাছাউনি রেখেই ভবনের নিমার্ণকাজ চলছে। ইট প্রথমে ছাউনির ওপর ও পরে নিচে পড়েছে। বহুতল ভবনের আরেক মালিক শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, সাবধানতা অবলম্বন করেই ভবনের নির্মাণকাজ করা হচ্ছে। পাশে স্কুল খোলা থাকায় সকাল ৯টার আগে এবং বেলা তিনটার পর ভবনের নির্মাণকাজ করা হচ্ছে।
শামসুজ্জামান আরও বলেন, ‘কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। এটি একটি দুর্ঘটনা। স্বজনদের পছন্দেই আহত নাজিয়া করিমকে আমাদের খরচে জেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মেয়ে ভয় পেয়েছে। আহত অপরজনের বাড়ি খুঁজে বের করার চেষ্টা করছি। তিনি হাতে ব্যথা পেয়েছেন বলে শুনেছি। এ ঘটনার পরপর সুযোগসন্ধানী কিছু মানুষ আমার নির্মাণাধীন ভবনের ওপর থেকে আমার আটটি চেয়ার, রড ও দারোয়ানের কক্ষের কিছু টাকাপয়সা নিয়ে গেছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।