নির্মাণের দুই মাস না যেতেই সড়কে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের বাসাইল উপজেলার হালুয়া পাড়া-কর্মকার পাড়া সড়কের দুই পাশ ধসে গেছে। গত মঙ্গলবার।
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের বাসাইলে একটি পাকা সড়ক নির্মাণের দুই মাস যেতে না যেতেই বিভিন্ন স্থানে ধসে পড়েছে। দুর্ঘটনা এড়াতে সম্প্রতি ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করায় সড়কটি ধসে গেছে।

এ অবস্থা উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের হালুয়াপাড়া-কর্মকারপাড়া সড়কের। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্মকর্তারা বলছেন, ঠিকাদারি সংস্থার জামানতের টাকা আটকে দেওয়া হয়েছে।

স্থানীয় এলজিইডি কার্যালয় সূত্র জানায়, ২০১৯-২০ অর্থবছরে বাসাইল উপজেলার কাঞ্চনপুর হালুয়াপাড়া সেতু এলাকা থেকে কর্মকারপাড়া সেতু পর্যন্ত ৯৫০ মিটার সড়কটি মাটি ভরাট ও পাকা করার জন্য দরপত্র আহ্বান করা হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয় প্রায় ৭০ লাখ টাকা। সড়ক নির্মাণের কাজটি পায় মেসার্স নাইস এন্টারপ্রাইজ। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ওই ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি জুন মাসের এসে কাজটি শেষ করে।

গত বুধবার সরেজমিন দেখা যায়, সড়কের দুই পাশে জলাধার। সড়কের অনেক জায়গায় দুই পাশ দিয়ে ভেঙে ভেতরের ইটের খোয়া বের হয়ে গেছে। ফলে সড়ক সরু হয়ে গেছে। ফলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কিছু স্থানে সড়কের ধারে বালুর বস্তা ফেলে রাখা হয়েছে।

এলাকাবাসী বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করায় কয়েক দফায় কাজ বন্ধ করে দেন তাঁরা। এরপর জনপ্রতিনিধিদের হাত করে ওই ঠিকাদারি সংস্থা তাড়াহুড়ো করে কোনো রকমে কাজটি শেষ করেন। এই সড়কটি নির্মাণে ঠিকাদার খরচ কমাতে মাটির পরিবর্তে বালু ব্যবহার করেছেন। সড়কের দুই পাশে (শোল্ডারে) ৩ ফুট মাটি ধরা থাকলেও সেখানে ১ ফুট মাটি দেওয়া হয়েছে। সড়কে বালু-খোয়া দিয়ে ভরাটের পর সড়কটি মজবুত করতে রোলার দিয়ে পেটানোর নিয়ম রয়েছে। এরপর কিছু সময় নিয়ে পরে পাকা (কার্পেটিং) করতে হয়। কিন্তু ওই ঠিকাদারি সংস্থা নিয়মের তোয়াক্কা না করে সময় না নিয়ে সঙ্গে সঙ্গেই পাকাকরণের কাজ করেছে।

মেসার্স নাইস এন্টারপ্রাইজের কর্ণধার নাইস মিয়া বলেন, সড়ক নির্মাণে অনিয়ম হয়নি। ওই সড়কের এক পাশে পুকুর ও আরেক পাশে খাল। কাজ শেষ করার পর প্রচুর বৃষ্টি হওয়ায় দুই পাশে ধসে পড়েছে। বর্ষার পর শুকনা মৌসুমে ওই সড়ক সংস্কার করা হবে।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ খান বলেন, কাজ করার সময় এলজিইডির পক্ষ থেকে যেটুকু তদারকি দরকার ছিল, তা তারা করেনি। ফলে ঠিকাদার ইচ্ছামতো কাজ শেষ করে চলে গেছেন।

উপজেলা প্রকৌশলী মো. আবদুল জলিল বলেন, সড়ক ধসে পড়ার খবর পাওয়ার পর তিনি সরেজমিন পরিদর্শনে গেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানতের ২২ লাখ টাকা আটকে দেওয়া হয়েছে।