নিশিরাতে তেল চুরি, ছড়িয়ে পড়েছে ভিডিও
রান্নাঘরের ভোজ্যতেলের আলোচনা এখন হাটবাজার, পাড়া-মহল্লার চায়ের দোকানে পৌঁছেছে। এর মধ্যে শরীয়তপুরের একটি বাজার থেকে নিশিরাতে পিকআপে করে তেল চুরির ঘটনা ঘটেছে। এর ভিডিও ফুটেজ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ায় তেলের আলোচনায় যোগ হয়েছে বাড়তি মাত্রা।
ফেসবুকে ছড়িয়ে পড়া ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, ৪ মার্চ দিবাগত রাত ৩টা ৪৪ মিনিটে শরীয়তপুর পৌরসভার আঙ্গারিয়া বাজারের আফজাল স্টোরের সামনে এসে থামে একটি পিকআপ ভ্যান। পিকআপ থেকে কয়েকজন যুবক নেমে দোকানের সামনে থাকা তেলভর্তি সাতটি ড্রাম তুলে নিয়ে যান। পাশের হালিম স্টোরের সামনে থেকে আরও চারটি তেলভর্তি ড্রাম পিকআপে তুলে পালিয়ে যান যুবকেরা।
ওই তেল চুরির ঘটনায় ব্যবসায়ী আফজাল হোসেন বাদী হয়ে সদরের পালং মডেল থানায় মামলা করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ড্রামে ভরা তেল দোকানের সামনে রেখে বিক্রি করি। কখনো আমাদের মনে হয়নি তা চুরি হতে পারে। ঘটনাটিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নতুন একটি অভিজ্ঞতা অর্জন করেছি।’
সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, তেলচোর চক্রকে শনাক্ত করার কাজ করছে পুলিশ। যে গাড়ি ব্যবহার করা হয়েছিল, তাতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল। ওই নম্বরের অন্য একটি গাড়ি পুলিশ শনাক্ত করলেও চুরির কাজে সেটি ব্যবহার করা হয়নি।
পর্যাপ্ত তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না, এমন অজুহাতে পাইকারি ও খুচরা বিক্রেতারা বেশি দামে ভোজ্যতেল বিক্রি করছেন। কোনো কোনো ব্যবসায়ী তেল মজুত করছেন বলেও অভিযোগ উঠেছে। তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হাটবাজারে অভিযান চালাচ্ছেন। এসবেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।
শরীয়তপুর সদরের পালং, আঙ্গারিয়া, নড়িয়ার ভোজেশ্বর, ঘড়িসার, জাজিরার কাজীরহাট ও গোসাইরহাট উপজেলা সদরের পট্টি বাজারে ঘুরে দেখা গেছে, বাজারে খোলা সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ নেই। বাজারের পাইকারি ব্যবসায়ীরা প্রতি কেজি পাম তেল ১৭২ টাকা ও সুপার কোয়ালিটির তেল ১৭৫ টাকায় পাইকারি বিক্রি করছেন। ওই তেল খুচরা বিক্রেতারা স্থানভেদে প্রতি লিটার ১৮০ টাকা থেকে ১৯০ টাকায় বিক্রি করছেন। আর বোতলজাত সয়াবিন প্রতি পাঁচ লিটারের বোতল ৯০০ টাকা থেকে ৯৫০ দামে বিক্রি করছেন।
গোসাইরহাটের জুসির গাঁও এলাকার বাসিন্দা হেমায়েত উদ্দিন অভিযোগ করেন, দোকানিরা এক লিটারের বেশি তেল বিক্রি করছেন না। পাঁচ লিটারের বোতল চাইলে ব্যবসায়ীরা জানান, তা নেই। ১৯০ টাকা দামে খোলা তেল কিনতে হচ্ছে।
গোসাইরহাট বাজারের পাইকারি তেল বিক্রেতা বিমল দেবনাথ প্রথম আলোকে বলেন, তাঁদের এ অঞ্চলের পাইকারি ব্যবসায়ীরা মেঘনা, শবনম ও বসুন্ধরা মিল থেকে তেল কেনেন। তাঁদের কাছ থেকে ডিওর (চাহিদাপত্র) টাকা পরিশোধ করার পর নৌকা-ট্রাক মিলগেটে পাঠানো হয়। কিন্তু ডিও জমা দেওয়ার পর তেলের জন্য ১২-১৫ দিন মিলগেটে অপেক্ষা করতে হয়। এভাবে খরচ বেড়ে যায়। যার প্রভাব পড়ছে দামের ওপর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর কার্যালয়ের উপপরিচালক কাজী সুজন প্রথম আলোকে বলেন, প্রতিদিন বাজারে বাজারে গিয়ে হ্যান্ডমাইকে ঘোষণা দেওয়া হচ্ছে সরকার নির্ধারিত দামে তেল বিক্রির জন্য। তারপরও অনেকে বেশি দামে বিক্রি করছেন, মজুত করে রাখছেন। অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক ও জরিমানা করা হচ্ছে।
জানতে চাইলে শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, বাজারে যাতে কেউ তেলের সংকট সৃষ্টি করতে না পারে, তার জন্য নজরদারি করা হচ্ছে। আর বাজার নিয়ন্ত্রণে রাখা, সরকার নির্ধারিত দামে ভোক্তারা যাতে তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পেতে পারেন; তার জন্য ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। আর মিল থেকে দেরিতে তেল পাওয়ার বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হবে।