নিষিদ্ধ সময়ে চাঁদপুরে ফেরি করে জাটকা বিক্রির অভিযোগ
মাছ বিক্রেতা আবুল কাশেম গ্রামে ফেরি করে জাটকা বিক্রি করছিলেন। খবর পেয়ে স্থানীয় এক মৎস্য কর্মকর্তা সেখানে গিয়ে তাঁকে জাটকাসহ ধরে ফেলেন। পরে স্থানীয় লোকজনের অনুরোধে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭০ কেজি জাটকা জব্দ করা হয়।
আজ শুক্রবার সকাল নয়টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে জব্দ হওয়া মাছগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
কয়েক দিন ধরেই মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন গ্রামে সরকারি নিষেধাজ্ঞা ভেঙে গোপনে জাটকা বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
প্রতিদিন রাত ৯টা থেকে ১২টা এবং ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত মেঘনার তীরবর্তী গ্রামগুলোতে দেদার জাটকা কেনাবেচা চলছে। প্রতি কেজি জাটকা ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
জাটকা বিক্রি বন্ধ না হলে ভবিষ্যতে ইলিশ উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। তবে একাধিক মৎস্য কর্মকর্তার দাবি, জাটকা কেনায় স্থানীয় লোকজনের আগ্রহের কারণেই ফেরি করে জাটকা বিক্রি বন্ধ করা যাচ্ছে না।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাটকা রক্ষায় ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনার চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা বা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে ইলিশ বা জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, মৎস্য বিভাগ ও প্রশাসনের নজরদারি এড়িয়ে প্রতিদিন রাত ৯টা থেকে ১২টা এবং ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত মেঘনার তীরবর্তী গ্রামগুলোতে দেদার জাটকা কেনাবেচা চলছে। প্রতি কেজি জাটকা ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার ঢাকিরগাঁও গ্রামের এক গৃহবধূ বলেন, ‘ভোরে ২০০ টেয়া (টাকা) কেজি দরে তিন কেজি জাটকা কিনছি। আরও অনেকেই কিনছে। মোটামুটি কম দামে তাজা মাছ পাওনে কিনলাম। আমরা না কিনলেও জাটকা বেচা বন্ধ অইব না। এলিগা কিনছি।’
মতলব উত্তরের চরহরিঘোষ ও মতলব দক্ষিণের কাজিরবাজার গ্রামের কয়েক জেলের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা নগদ অর্থের জন্য গোপনে জাটকা বিক্রি করছেন।
জেলেরা বলেন, সরকার বিশেষ ভিজিএফের চাল দিলেও তাঁদের কাছে নগদ টাকা নেই। শুধু চাল দিয়ে তো সংসার চলে না। তাই বাধ্য হয়ে মাঝেমধ্যে কিছু জাটকা ধরে তাঁরা গোপনে বিক্রি করেন।
জানতে চাইলে মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, জেলে, মাছ বিক্রেতা, স্থানীয় লোকজন—সবার মধ্যেই অসচেতনতা আছে। মূলত ক্রেতাদের জাটকা কেনার আগ্রহ আছে বলে জাটকা ধরা ও বিক্রি বন্ধ হচ্ছে না।
মতলব উত্তর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, জাটকা ধরা ও বিক্রি বন্ধে প্রতিদিনই অভিযান চলছে। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত প্রত্যেক জেলেকে প্রতি মাসে ৪০ কেজি খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। তবে এরপরও অসচেতনতার কারণে জাটকা ধরা ও বিক্রি বন্ধ হচ্ছে না। জাটকা রক্ষার নজরদারি আরও বাড়ানো হবে বলে জানান তিনি।