মৌলভীবাজারের কমলগঞ্জ
নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বালু উত্তোলন
বালু উত্তোলন বন্ধের দাবিতে গত বছর দুই দফা চা বাগান কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়।
মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা–বাগানের ফাঁড়ি সুনছড়া ও কামারছড়া চা–বাগান দিয়ে প্রবাহিত দুটি পাহাড়ি ছড়া থেকে সিলিকা বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে ওই দুটি পাহাড়ি ছড়া থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে টিলা, রাস্তা, ছড়া, কালভার্ট ভাঙনসহ পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।
বালু উত্তোলন বন্ধের দাবিতে গত বছরের ১০ ও ২৬ জুন আলীনগর চা–বাগানের ব্যবস্থাপক হাবিব আহমেদ চৌধুরী মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। এরপরও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা যায়, পাহাড়ি সুনছড়া ও কামারছড়া এবং পার্শ্ববর্তী টিলা খুঁড়ে সিলিকা বালু উত্তোলন করে ট্রাক ও ট্রলিতে পরিবহন করা হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় রশীদ উল্যা, ইব্রাহিম আলীর নেতৃত্বে একটি চক্র ওই দুটি ছড়ার বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে সিলিকা বালু উত্তোলন করে পরিবহন ও বিক্রি করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চায়ের টিলা, চা–বাগানের রাস্তা, দুই চা–বাগানের মধ্যবর্তী লোহার কালভার্ট।
তবে অভিযুক্ত রশীদ উল্যা বলেন, তিনি বা তাঁর লোকজন কেউ ছড়া থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন না। নিজেদের প্রয়োজনে মাঝেমধ্যে ঠেলাগাড়িতে করে কিছু বালু নিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ জুন প্রজ্ঞাপন দ্বারা মৌলভীবাজারের অন্তর্গত ৫১টি পাহাড়ি ছড়া সিলিকাবালু সম্পৃক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে ১৯টিকে অযান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়া হয়। ইজারাগ্রহীতাদের অনিয়ন্ত্রিত, অপরিকল্পিত ও বেআইনিভাবে বালু উত্তোলনে কমলগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকায় পরিবেশের বিপর্যয় ঘটছে। এ বিষয়ে ২০১৬ সালের ৮ মার্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিট করেন। রিটেরে শুনানি শেষে ২১ মার্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ১৯টি বালুমহালকে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) ও পরিবেশগত ছাড়পত্র (ইসিসি) ছাড়া পরবর্তী ইজারার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেন।
আলীনগর চা–বাগান ব্যবস্থাপক হাবিব আহমেদ চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে গত বছর জেলা প্রশাসক বরাবরে দুই দফা আবেদন করা হয়েছে। এরপরও কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় চা বাগানের টিলা, রাস্তাঘাটসহ পরিবেশের ক্ষতি হচ্ছে।
পরিবেশ আইনবিদ সমিতি বেলার সিলেট বিভাগীয় সমম্বয়ক শাহ সাহেদা বলেন, আদালতের রায়কে অমান্য করে বালু উত্তোলনের বিষয়টি আদালত অবমাননার শামিল।
বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, ছড়াগুলো ইজারা দেওয়া হয়নি। তবে স্থানীয় উপজেলা প্রশাসনও এতে ভূমিকা রাখতে পারে।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। এ ছাড়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।