নিহত পুরোহিতের বাড়িতে ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা

ঝিনাইদহে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী ওরফে নন্দ ঠাকুরের বাড়ি পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা। তাঁরা হলেন ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক ও তথ্য) রাজেশ উইকি ও ফার্স্ট সেক্রেটারি (কনস্যুলার) রমা কান্ত গুপ্ত।
ভারতীয় কর্মকর্তারা গতকাল বুধবার বেলা ১১টায় ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামে আনন্দ গোপালের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানান। এ সময় ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কাঞ্জিলাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি কনক কান্তি দাস, ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক সুবির কুমার সমাদ্দার উপস্থিত ছিলেন।
ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের সামনে কান্নায় ভেঙে পড়েন আনন্দ গোপালের স্ত্রী শেফালী গাঙ্গুলী, ছেলেমেয়েসহ পরিবারের অন্য সদস্যরা। রাজেশ উইকি ও রমা কান্ত গুপ্ত তাঁদের ধৈর্য ধরার পরামর্শ দেন এবং পরিবারটির পাশে আছেন বলে জানান। প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলেও তাঁরা পরিবারের সবাইকে আশ্বাস দেন।
এ সময় ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়ে বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তাঁরা আশা করছেন, দ্রুত হত্যাকারীরা গ্রেপ্তার হবেন। পরে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
পুরোহিত আনন্দ গোপাল হত্যায় গতকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে নিহত পুরোহিতের ছেলে অরুণ গাঙ্গুলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেন, মামলা নথিভুক্ত হয়েছে। আশা করছেন দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারবেন। তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
গত মঙ্গলবার ঝিনাইদহ সদরের নোয়াখালী ও খড়াশুনি গ্রামের মাঝে মহিষের ভাগাড় নামক স্থানে ৭০ বছর বয়সী পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যা ঘটনার কিছু সময় পরই হিন্দু পুরোহিত হত্যার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএস বিবৃতি দিয়েছে বলে জানিয়েছে জঙ্গিদের অনলাইন তৎপরতার ওপর নজর রাখা প্রতিষ্ঠান সাইট। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করা খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জঙ্গি সংগঠন জড়িত।
গতকাল আনন্দ গোপালের বাড়িতে যান বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জির নেতৃত্বে এ দুই সংগঠনের কয়েকজন কেন্দ্রীয় নেতা।