রাজধানীর কল্যাণপুরের অভিযানে নিহত হওয়ার আগে জঙ্গিরা নিজেদের ভিডিও রেকর্ড করেছিল। পুলিশ বলছে, এসব রেকর্ডে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তারা সবাইকে জিহাদে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানায়। কল্যাণপুরের আস্তানা থেকে পুলিশ কিছু ভাঙাচোরা অ্যান্ড্রয়েড মুঠোফোন ও ল্যাপটপ উদ্ধার করেছে। এসবের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে এ ধরনের রেকর্ড পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।
মামলার তদন্তসংশ্লিষ্ট কাউন্টার টেররিজমের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জঙ্গিদের কথিত আইএস সেজে তোলা কিছু ছবি তাদের ইলেকট্রনিক ডিভাইসে পাওয়া গেছে। সেখানে অস্ত্র হাতে তাদের হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। গুলশানে হামলার আগে তারা একই ধরনের ছবি তুলেছিল এবং পতাকা ব্যবহার করেছিল। ধারণা করা হচ্ছে, একই স্থান থেকে এসব ছবি তোলা হয়েছে।
তদন্তের সঙ্গে সম্পৃক্ত সূত্র জানায়, জঙ্গিরা কল্যাণপুরের আস্তানা ছেড়ে পালাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে কল্যাণপুরের ৫ নম্বর রোডে দুটি মেসে তল্লাশি চালানো হয়। পরে ওই রোডের ৫৩ নম্বর বাড়ি তাজ মঞ্জিলে ব্লক রেইড দেওয়ার সময় ওপর থেকে পুলিশের ওপর বোমা ছুড়ে মারা হয়। কল্যাণপুরের আস্তানা পুলিশ ঘেরাও করার পর জঙ্গিরা তাদের ফ্ল্যাটে থাকা জাতীয় পরিচয়পত্র, শিক্ষাসনদ ও কিছু টাকা পুড়িয়ে ফেলে।
তদন্তের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা মনে করছেন, পুলিশের বিশেষায়িত সোয়াট দলের সঙ্গে গুলিবিনিময়ের আগে এসব ভিডিও ও অডিও রেকর্ড করা হয় প্রচারের জন্য। কর্মকর্তারা বলেন, জঙ্গিরা তাদের মুঠোফোনে অ্যাপস ব্যবহার করে কথোপকথন করে, যে কারণে তাদের কথাবার্তার রেকর্ড পাওয়া যায়নি। তবে সিআইডির ফরেনসিক পরীক্ষায় এসব কথপোকথন ও যোগাযোগ উদ্ধার করা সম্ভব।
তদন্তকারী ব্যক্তিরা বলেন, জঙ্গিরা অভিযানের আগে তাদের তোলা ছবি ও ভিডিও তাদের মদদদাতা তামিম চৌধুরীর কাছে পাঠিয়ে থাকতে পারে। কল্যাণপুরের ঘটনায় করা মামলায় যে ১০ জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে কানাডাপ্রবাসী তামিম চৌধুরীর নাম রয়েছে। গত বছর কানাডা থেকে দেশে ফিরে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন তিনি। তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবদুল মান্নান গতকাল প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার অভিযানের পর কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে মুঠোফোন, ল্যাপটপ, পিস্তল, গুলি, চাকুসহ ৫৭টি আলামত উদ্ধার করা হয়। এগুলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক পরীক্ষাগারে পাঠানোর জন্য আজ রোববার আদালতে আবেদন করা হবে। এর আগে নিহত ৯ জঙ্গির রক্ত ও চুলের নমুনা এবং তাদের অভিভাবকত্ব নির্ণয়ে দুজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রাকিবুল হাসান ওরফে রিগ্যানকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। নিখোঁজ সন্দেহভাজন জঙ্গিদের ছবি তাঁকে দেখিয়ে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে জঙ্গিদের বাসা ভাড়া দেওয়ার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া মমতাজ পারভীনের চার দিনের রিমান্ড শেষ হয়েছে। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হবে। পুলিশ জানায়, রিমান্ডে মমতাজ পারভীন বলেছেন, নিহত ব্যক্তিরা জঙ্গি তিনি তা জানতেন না। গত ২০ জুন কলেজের ছাত্র পরিচয়ে পাঁচজন পাঁচতলার তিন কক্ষ ভাড়া নেয়। কিছুদিন পর তিন দফায় সেখানে ছয়জন ওঠে। বাসা ভাড়া নেওয়ার সময় তাদের কাছে নাম-ঠিকানা চাইলে তারা পরে দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু তারা আর তথ্য দেয়নি।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে থাকা ৯ জঙ্গির একজনের গতকাল শনিবার পর্যন্ত পরিচয় মেলেনি। ৯টি লাশই ঢাকা মেডিকেলের হিমঘরে রয়েছে।