নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় সবজি বেচতে আসা তিন কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন। আজ সকালে নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদে
ছবি: প্রথম আলো

নরসিংদীর রায়পুরায় নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ড ভ্যানের চাপায় তিন কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ পথচারী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুসাপুর ইউনিয়নের মাহমুদাবাদের মেশিনগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন রায়পুরার মাহমুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৩৫), তায়েব মিয়ার ছেলে মাসাকিন মিয়া (৪৫) ও ফজর আলীর ছেলে ফারুক মিয়া (৫০)। তাঁরা তিনজনই মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে নিজেদের জমিতে উৎপাদিত সবজি বিক্রি করছিলেন।

স্থানীয় লোকজন বলছেন, মহাসড়কের মাহমুদাবাদের যে স্থানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে প্রতিদিন ভোর থেকে সবজির বাজার বসে। স্থানীয় শতাধিক কৃষক তাঁদের জমিতে উৎপাদিত বিভিন্ন সবজি এ বাজারে এনে বিক্রি করেন। এখান থেকে ব্যবসায়ীরা সবজি কিনে ট্রাক ও কাভার্ড ভ্যানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে বিক্রি করেন। নিহত তিনজন স্থানীয় কৃষক।

কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়
ছবি: প্রথম আলো

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। মাহমুদাবাদের মেশিনগড় এলাকা অতিক্রমের সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় এটি উল্টো পথে অর্থাৎ ডান পাশে চলে গিয়ে একটি যাত্রীশূন্য অটোরিকশা, তিন সবজি বিক্রেতা ও কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সবজি বেচতে আসা মাসাকিন মিয়া ও ফারুক মিয়ার মৃত্যু হয়। এ সময় অটোরিকশাটিও দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী ভৈরব বাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত দুজনের লাশ উদ্ধার করেন।

এর আগেই উপস্থিত স্থানীয় লোকজন আহত রিপন মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভৈরবের একটি হাসপাতালের উদ্দেশে রওনা হন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এদিকে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে আসার আগেই নিহত দুজনের লাশ বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ আজিজুল হক বলেন, খবর খবর পেয়ে দ্রুত তাঁরা ঘটনাস্থলে আসেন। এসে ওই কাভার্ড ভ্যান সরিয়ে দুজনের লাশ উদ্ধার করেন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে জানতে পেরেছেন। উদ্ধার করা দুজনের লাশ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, এ দুর্ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও এর চালক পলাতক। নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।