নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, এক শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয় যাত্রী। গতকাল সোমবার রাত ১০টার দিকে শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম রাব্বি মিয়া (৩)। তার বাবার নাম জুয়েল মিয়া ও মায়ের নাম রোজিনা বেগম। তাঁদের দুজনের বিচ্ছেদ হওয়ার পর আলাদা আলাদা সংসার শুরু করেন। শিশুটিকে লালন পালন করতেন তার দাদা মো. লাল মিয়া। তাঁর বাড়ি কিশোরগঞ্জের ইটনার করঞ্চি এলাকায়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মিনিট্রাকটিতে ওই শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ১২ জনই পোশাক কারখানার কর্মী। কারখানা খুলে দেওয়ায় গতকাল সোমবার রাতে তাঁরা কিশোরগঞ্জের ইটনা থেকে ওই মিনিট্রাক ভাড়া করে রাজধানী ঢাকায় ফিরছিলেন। শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় পৌঁছার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়।

স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিবপুর থানার পুলিশ। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক শিশু রাব্বিকে মৃত ঘোষণা করেন। পরে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়।

নিহত রাব্বির দাদা মো. লাল মিয়া জানান, মা-বাবা আলাদাভাবে সংসার শুরু করার পর থেকেই রাব্বি তাঁদের কাছে থাকা শুরু করে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। স্ত্রী-সন্তান ও তাকে নিয়ে সেখানেই থাকতেন। করোনার কারণে গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ায় কিশোরগঞ্জে চলে যান। আবার গার্মেন্টস খোলায় সবাইকে নিয়ে কর্মস্থলের উদ্দেশে ফিরছিলেন। পথে দুর্ঘটনায় মারা গেল মা-বাবা থেকেও না থাকা রাব্বি।

শিবপুর থানার উপপরিদর্শক মো. মিনহাজ জানান, মিনিট্রাকটির চালক হয়তো ঘুমচোখে গাড়ি চালাচ্ছিলেন। অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা না ঘটলেও এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। কোনো কিছুর সঙ্গে চাপা খেয়ে হয়তো শিশুটির মৃত্যু হয়েছে।