নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত, আহত ১৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ইউনিক পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, নিহত দুই যাত্রীর মধ্যে আজ সন্ধ্যা পর্যন্ত একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি হলেন রামু জোয়ারিয়ানালা এলাকার মো. আবদুল্লাহর স্ত্রী জেসমিন আকতার (৩৫)। অপরজন আনুমানিক ১৮ বছরের একজন তরুণ, তাঁর পরিচয় শনাক্ত হয়নি।
পুলিশ জানায়, আহত ১৪ যাত্রীর মধ্যে ৮ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ছয়জনকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গাড়িটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পলাতক।
ঘটনাস্থল থেকে জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে ২০ থেকে ২৫ জন যাত্রী বাসের ভেতরে চাপা পড়েন। স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলেই এক নারীসহ দুজন মারা গেছেন।