নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে আছড়ে পড়ল মাহিন্দ্রা, চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কে আছড়ে পড়ে দুমড়েমুচড়ে যাওয়া মাহিদ্রা
ছবি: প্রথম আলো

মাদারীপুরে যাত্রীবাহী একটি মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে আছড়ে পড়লে এটির নিচে চাপা পড়ে প্রাণ গেছে চালকের। আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর টেক্সটাইল মিলের সামনে শুক্রবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক আবু সাঈদ হাওলাদার (২৬) রাজৈর ২ নম্বর ব্রিজ এলাকার কালাম হাওলাদারের ছেলে। তাঁকে আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর পাঁচজনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, আহত পাঁচজনের সবাই শঙ্কামুক্ত। তাঁদের মধ্যে কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সকালে একটি মাহিন্দ্রা মস্তফাপুর থেকে যাত্রী নিয়ে রাজৈরের দিকে যাচ্ছিল। এটি ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর টেক্সটাইল মিলের গেটের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই আছড়ে পড়ে। এ সময় মাহিন্দ্রার চালকসহ ছয়জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, মহাসড়কের ওই স্থান উঁচু-নিচু থাকার কারণে মাহিন্দ্রাটি চালক নিয়ন্ত্রণ করতে পারেননি। ফলে এটি সড়কেই আছড়ে পড়ে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক আবদুল আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে। চলকের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।