নিয়মিত ক্লাস নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়মিত ক্লাস নেওয়ার দাবিতে সড়ক আবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ল্যাবরেটরির যন্ত্রপাতি, আসবাব ও শিক্ষক সংকট দূর করার আহ্বান জানান। পাঁচ ঘণ্টা কর্মসূচি পালনের পর জেলা প্রশাসকের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসেন।
আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা তাঁদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ওই সড়কের সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এতে কার্যালয়ে আসা মানুষের ভোগান্তির সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২০ সালের ১০ জানুয়ারি ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৬৮ শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের যাত্রা শুরু করে টুঙ্গিপাড়ার আইএইচটি। পরে ওই বছরের ১৭ মার্চ করোনা পরিস্থিতির কারণে ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়।
২০২০-২১ শিক্ষাবর্ষে আরও ৭৫ শিক্ষার্থীকে ভর্তি করা হয়। কিন্তু ইনস্টিটিউটে ল্যাবরেটরি ও ফার্মেসি অনুষদে শিক্ষক না থাকায় তাঁরা নিয়মিত ক্লাস করতে পারছেন না। এ ছাড়া ল্যাবরেটরিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। ইনস্টিটিউটে কোনো অধ্যক্ষ নেই। শিক্ষার্থীদের অভিযোগ, একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে থাকলেও তিনি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আন্তরিক নন।
ইনস্টিটিউটের প্রথম ব্যাচের ল্যাবরেটরি অনুষদের এক শিক্ষার্থী বলেন, ভর্তির পর তাঁদের মাত্র ২১টি ক্লাস নেওয়া হয়েছে। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর ইনস্টিটিউট খুললেও এ পর্যন্ত কোনো ক্লাস নেওয়া হয়নি। প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অনেকে অংশ নেননি। গোপালগঞ্জে পরীক্ষার কেন্দ্র হওয়ার কথা থাকলেও তাঁদের ফরিদপুর মেডিকেল টেকনিক্যাল ইনস্টিটিউটে গিয়ে পরীক্ষা দিতে হয়। এ সময় পরীক্ষার কোনো প্রস্তুতি না থাকায় অনেকে ফাঁকা খাতা জমা দিয়েছেন।
ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা লেখাপড়া শিখতে এসেছি। শিক্ষকের অভাবে আমরা ক্লাস করতে পারিনি। আসবাব ও ল্যাবেরটরির যন্ত্রপাতি না থাকায় ব্যবহারিক ক্লাস করার কোনো সুযোগ নেই। আমরা আমাদের লেখাপড়া নিয়ে চরম দুশ্চিন্তা ও হতাশার মধ্যে সময় পার করছি। আমাদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন। এই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আমরা পরবর্তী সময় আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হব।’
ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী এনামুল হক বলেন, শিক্ষক সংকট ও ল্যাবরেটরির প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় শিক্ষার্থীদের ক্লাস নিতে সমস্যা হচ্ছে। বিষয়টি সমাধান হওয়া জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, আইএইচটিতে শিক্ষক সংকটসহ কিছু সমস্যা রয়েছে। বিকেলে জেলা প্রশাসক ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। আগামী রোববার থেকে সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, শিক্ষার্থীরা যে বিষয় নিয়ে এসেছে এটা যৌক্তিক ও মানবিক বিষয়। ওই প্রতিষ্ঠানে শিক্ষক সংকটসহ কিছু সমস্যা রয়েছে। তাঁরা বিষয়গুলো স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করছেন। তবে এর জন্য একটু সময় দরকার।