নিয়মিত পানি সরবরাহ নেই, গ্রাহকের ভোগান্তি

পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বেশকিছু এলাকায় চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে অন্তত ২০ হাজার বাসিন্দা ভোগান্তি পোহাচ্ছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ দিন ধরে পানির তীব্র সংকটে ভুগছেন নওগাঁ পৌর শহরের বাসিন্দারা। নিয়মিত বিল পরিশোধ করেও ঠিকমতো পানি না পাওয়ায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে নিয়মিত পানি না পাওয়ায় কিছু বাসিন্দা আবেদন করে পৌরসভার পানির সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম। গত মঙ্গলবার তাঁর সঙ্গে কথা হয় নওগাঁ পৌর কার্যালয় ভবনে। পানি সমস্যা নিয়ে তিনি পৌরসভার সংশ্লিষ্ট শাখায় এসেছিলেন। তবে পানির সংযোগ পেতে নয়, বিচ্ছিন্ন করার আরজি নিয়ে। পেশায় আইনজীবী রফিকুল ইসলাম বলেন, নিয়মিত পানির বিল পরিশোধ করছেন তিনি। কিন্তু নিয়মিত পানি পাচ্ছেন না। পানির সমস্যা সমাধানে বাধ্য হয়ে কিছু দিন আগে বাসায় ব্যক্তিগত উদ্যোগে বৈদ্যুতিক মোটর বসিয়েছেন। তাই পৌরসভার পানির লাইন বিচ্ছিন্ন করার আবেদন তিনি পৌরসভার সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছেন।

পৌর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন-চার বছর ধরে গরম মৌসুমে পৌর শহরে পানির তীব্র সংকট দেখা দিচ্ছে। পৌরসভা সূত্র জানায়, এলাকায় পানি সরবরাহে ব্যবহৃত তিনটি বৈদ্যুতিক মোটর নষ্ট হওয়ায় পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ ছিল। এতে চরম কষ্টে পোহান ওই সব এলাকার অন্তত ২০ হাজার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার নষ্ট হওয়া তিনটি পাম্পের মধ্যে একটি সচল হয়েছে। অপর দুটি সচল করতে মেরামতের কাজ চলছে।

গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া, কাজীপাড়া, বাঙ্গাবাড়ীয়া, কমাইগাড়ী এবং ২ নম্বর ওয়ার্ডের চকদেবপাড়া, ডাক্তারপাড়া ও মাস্টারপাড়া এলাকা ঘুরে দেখেন এ প্রতিবেদক। এ সময় গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাসখানেক ধরে তাঁরা পানির সংকটে রয়েছেন। গত শনিবার থেকে পৌরসভার পানির লাইনে কোনো পানিই আসছে না। এ অবস্থায় অনেকেই গোসল করতে পারছেন না। নারীদের গৃহস্থালির কাজ করতে হচ্ছে বাইরে থেকে পানি এনে।

কাজীপাড়া এলাকার বাসিন্দা গৃহবধূ নাসিমা আখতার বলেন, ‘চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ। এক কিলোমিটার দূরের একটি পুকুরে গিয়ে থালা-বাসন ধুতে হচ্ছে। এ ছাড়া মানুষের বাড়িতে গিয়ে নলকূপ চেপে খাওয়ার পানি সংগ্রহ করতে হচ্ছে। সারা দিন রোজা রেখে এভাবে পানি সংগ্রহ করতে খুব কষ্ট হচ্ছে।’

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ‘ক’ শ্রেণির এ পৌরসভায় পানি সরবরাহের জন্য ১৪টি বৈদ্যুতিক মোটর রয়েছে। এসব মোটরের সাহায্যে ওভারহেড ট্যাংকে পানি তুলে সেখান থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় পানি সরবরাহের কথা। পৌরসভায় স্থাপিত তিনটি ওভারহেড ট্যাংক তিন-চার বছর ধরে অব্যবহৃত পড়ে আছে। বর্তমানে পৌরসভায় ৯ হাজার ৪৫৬ জন গ্রাহকের বাসাবাড়িতে পানির সংযোগ রয়েছে। এর মধ্যে আরও সাড়ে তিন হাজার উপসংযোগ রয়েছে।

পৌরসভার পানি শাখার প্রকৌশলী নিজামুল হক বলেন, লো-ভোল্টেজের কারণে গত শনিবার তিনটি মোটর পুড়ে গেছে। এতে পৌরসভার কয়েকটি এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। মোটরগুলো সচল করতে কাজ চলছে। এ ছাড়া বোরো মৌসুমে ধানের জমিতে সেচকাজ শুরু হলে পৌর এলাকায় পানির চাপ কমে যায়।