পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) বিভিন্ন পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। এ সময় তাঁরা বলেন নিয়োগ বাতিল না হলে আদালতে মামলা করা হবে। এর আগে ওই নিয়োগ বাতিলের দাবিতে তাঁরা মানববন্ধন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জালিয়াতি, ঘুষ গ্রহণ ও ভুয়া কাগজপত্র নিয়ে দুর্নীতির মাধ্যমে সম্প্রতি বিএসআরআইয়ে ২৩টি পদের মধ্যে ১৪টিতে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি ৯টি পদে অনিয়মের কারণে নিয়োগ বন্ধ রয়েছে। কিন্তু তাঁরা পাবনা জেলার অধিবাসী হওয়ায় কোটার অজুহাত দেখিয়ে তাঁদের নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক সাধারণ কোটা উল্লেখ করা না হলেও নিয়োগের সময় পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, জামালপুর, টাঙ্গাইল ও ঠাকুরগাঁও জেলার প্রার্থীদের সাধারণ কোনো কোটায় রাখা হয়নি। শুধু প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও নারী কোটা রাখা হয়। এর ফলে তাঁরা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলার ছলিমপুর ইউনিয়নের আফিল উদ্দিন প্রামাণিকের ছেলে সাইদ হাসান। তিনি বিএসআরআইতে হিসাব সহকারী পদের প্রার্থী ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসআরআইর টাইপিস্ট গ্রেড-২ পদে প্রার্থী ইউসুফ আলী। তিনি পৌরসভার ভেলুপাড়া এলাকার আবু তাহেরের ছেলে। সংবাদ সম্মেলনে নিয়োগবঞ্চিত ২৭ জনের পক্ষে উপস্থিত ছিলেন ৮ জন। এর আগে তাঁরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
এ বিষয়ে নিয়োগ কমিটির প্রধান ইনস্টিটিউটের পরিচালক (প্রযুক্তি হস্তান্তর) এ এস এম আমানুল্লাহ বলেন, ‘নিয়োগ কমিটিতে তিনি শুধু একা নন। পাঁচজন সদস্য রয়েছেন। তাঁদের মতামত ও মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের একজন উপসচিব সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন। তিনি কিছু নিয়ম অনুসরণ করতে বলেছেন। আমরা সে নিয়ম অনুসরণ করে নিয়োগ দিয়েছি।’ তিনি আরও বলেন, নিয়োগের প্রক্রিয়ায় কিছু সমস্যা রয়েছে। এ কারণে ২৩টির মধ্যে ১৪টি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বিভিন্ন কারণে বাকি ৯টি পদে নিয়োগ স্থগিত রেখেছে নিয়োগ কমিটি।