নীলফামারীতে কোভিডে আরও একজনের মৃত্যু
নীলফামারী জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ১২। ভারপ্রাপ্ত সিভিল সার্জন জাহাঙ্গীর আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ব্যক্তি হলেন সৈয়দপুর উপজেলা শহরের বাবুপাড়া মহল্লার ইমরান আনছারী (৫০)। তিনি ১৯ আগস্ট হৃদ্রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেদিনই সেখানে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। ২০ আগস্ট তাঁর পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ ধরা পড়লে তাঁকে রংপুর করোনা হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।
এর আগে ১২ আগস্ট সকালে জেলা শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মাওলা সাদিক ওরফে সাবু (৫২) রংপুর করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি বাজারে। ৯ আগস্ট করোনা উপসর্গ নিয়ে মারা যান জেলা শহরের পাঁচমাথা এলাকার নজরুল ইসলাম (৭০)। তিনি ৮ আগস্ট নমুনা দেন। ৯ আগস্ট নিজ বাড়িতে মারা যান। ১০ আগস্ট তাঁর করোনা পজিটিভ প্রতিবেদন আসে।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রমতে, জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৮৩১। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৭১৫ জন। আক্রান্ত ৮৩১ জনের মধ্যে জেলা সদরে ৪০৪ জন, ডোমার উপজেলায় ৭০ জন, ডিমলা উপজেলায় ৮২ জন, জলঢাকা উপজেলায় ১২৫ জন, কিশোরগঞ্জ উপজেলায় ৪৪ জন এবং সৈয়দপুর উপজেলায় ১০৬ জন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৭১৫ জন। এর মধ্যে জেলা সদরে ৩৩৫ জন, ডোমার উপজেলায় ৬৭ জন, ডিমলা উপজেলায় ৭২ জন, জলঢাকা উপজেলায় ১০৩ জন, কিশোরগঞ্জ উপজেলায় ৪২ জন ও সৈয়দপুর উপজেলায় ৯৬ জন। কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ২৫০ শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালে ১০৮ টিসহ জেলায় মোট আইসোলেশন শয্যা রয়েছে ১৯৮টি।