নীলফামারীতে ট্রাকচাপায় দম্পতি নিহত
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তাঁরা উত্তরা ইপিজেডের কারখানার শ্রমিক ছিলেন। আহত হয়েছেন একজন। আজ রোববার সকাল সাতটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে নীলফামারী জেলা সদরের কাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের স্বপন রায় (২৮) ও তাঁর স্ত্রী সুমি রায় (২৩)। তাঁরা দুজনই উত্তরা ইপিজেডের সনিক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান বলেন, তিনজন শ্রমিক মোটরসাইকেলে করে উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি একটি ইজিবাইককে অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। আরোহীসহ মোটরসাইকেল সড়কের ওপর পড়ে যায়। এ সময় পেছন থেকে নীলফামারীগামী ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান স্বামী-স্ত্রী। আহত হন তাঁদের সঙ্গে থাকা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সুকুমার রায় (২৮)।
এ খবরের সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে।