নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে সৈয়দপুর-চিলাহাটি রেললাইনের মনসাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার সকালে রেললাইনের ওপর থেকে ওই তরুণের লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম লিমন ইসলাম (২৮)। তিনি নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের গুড়গুড়ি মনসাপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে। লিমনের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নিহত লিমনের মামা মো. নুরন্নবী বলেন, লিমন ইসলাম ঢাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁকে কয়েক দিন আগে কাজ থেকে বের করে দেওয়া হয়। তাই কয়েক দিন আগে লিমন বাড়িতে ফিরে আসেন। গতকাল রাত আটটার পর বাড়ি থেকে বের হয়ে সারা রাত বাড়িতে ফেরেননি তিনি।

গতকাল রাত একটা পর্যন্ত আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও লিমনের পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাননি। আজ সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন, রেললাইনের ওপর লিমনের কাটা লাশ পড়ে আছে।

এলাকাবাসীর ধারণা, গতকাল রাত দুইটা থেকে আড়াইটার দিকে খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে লিমনের মৃত্যু হয়েছে।

সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।